ধোনি-রোহিতকে পিছনে ফেলে কত হাজার কোটির মালিক কোহলি? ২০২৬-এর সম্পত্তির হিসেব দেখে চোখ কপালে উঠবে!

ক্রিকেট পিচ হোক বা কর্পোরেট দুনিয়া—সবক্ষেত্রেই নিজের আধিপত্য বজায় রেখেছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ২০২৬ সালের আর্থিক হিসাব অনুযায়ী, সমস্ত সমীকরণ উল্টে দিয়ে এমএস ধোনি এবং রোহিত শর্মাকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে ধনী সক্রিয় ক্রিকেটারের মুকুট এখন তাঁর মাথায়। বর্তমানে তাঁর মোট সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১,১১৫ কোটি টাকা (১,০৪০ থেকে ১,২০০ কোটি টাকার মধ্যে)। আইপিএল চুক্তি, বিসিসিআইয়ের বার্ষিক বেতন, একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং নিজের ব্যবসায়িক অংশীদারিত্ব থেকেই আসছে এই বিপুল সাম্রাজ্যের আয়।

আয়ের মূল উৎস ও সম্পত্তি: আইপিএল ২০২৬-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) থেকে ২১ কোটি টাকা বেতন পাচ্ছেন বিরাট, যা ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সর্বোচ্চ। দীর্ঘ ১৯টি মরসুম খেলে আইপিএল থেকে তাঁর মোট আয় ছাড়িয়েছে ২১২ কোটি টাকা। পাশাপাশি, টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিলেও বিসিসিআই-এর গ্রেড বি চুক্তি অনুযায়ী বার্ষিক ৩ থেকে ৭ কোটি টাকা আয় করেন তিনি। এমআরএফ, অডি, বুস্ট সহ ৩০টির বেশি ব্র্যান্ডের বিজ্ঞাপনে যুক্ত থেকে তাঁর বার্ষিক আয় ২০০ কোটি টাকারও বেশি। এছাড়া গুরগাঁও, মুম্বই এবং আলিবাগের বিলাসবহুল সম্পত্তি মিলিয়ে তাঁর নামে রয়েছে প্রায় ২১৫-২২০ কোটি টাকার রিয়েল এস্টেট সম্পদ। পাশাপাশি তাঁর গাড়ির সংগ্রহে রয়েছে অডি, রেঞ্জ রোভার ও মার্সিডিজের মতো ঝাঁ চকচকে একাধিক সুপারকার।

ব্যবসায়িক মাস্টারস্ট্রোক ও রেকর্ড ব্যবসা: শুধু বিজ্ঞাপন বা ক্রিকেটেই নয়, ব্যবসার জগতেও বিরাট বড় চমক দিয়েছেন। সম্প্রতি তাঁর মালিকানাধীন ‘One8’ ব্র্যান্ডের স্নিকার্স লঞ্চ হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দেড় লক্ষ জোড়া জুতো বিক্রি হয়, যার বাজারমূল্য প্রায় ১৩৮ কোটি টাকা। এর মধ্যে টেস্ট রানের সংখ্যাকে সম্মান জানিয়ে তৈরি ৯,২৩০ টাকা দামের ফ্ল্যাগশিপ জুতোটি দারুণ সাড়া ফেলেছে। প্রখ্যাত ব্র্যান্ড ‘অ্যাজিলাইটাস স্পোর্টস’-এর সঙ্গে যুক্ত হয়ে বিজ্ঞাপনের বাইরে সরাসরি ব্র্যান্ডের মালিকানা ও অংশীদারিত্বের দিকে ঝুঁকছেন কোহলি, যার বর্তমান বাজারমূল্য ২,০৬০ কোটি টাকা। সব মিলিয়ে ২২ গজের বাইরেও কোহলির এই আর্থিক সাম্রাজ্য এখন ক্রিকেটপ্রেমীদের কাছে অন্যতম বড় চর্চার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *