ফোন-ল্যাপটপের ওপর ক্রস চিহ্ন কেন থাকে জানেন? মারাত্মক বিপদ ডেকে আনছেন না তো!

স্মার্টফোন, ল্যাপটপ, চার্জার কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস হাতে নিয়ে কখনো খেয়াল করেছেন কি, কোথাও একটি ছোট ডাস্টবিনের ছবি রয়েছে এবং তার ওপর মোটা করে ক্রস চিহ্ন দেওয়া? অনেকেই এটিকে সাধারণ কোনো সতর্কতামূলক প্রতীক মনে করে এড়িয়ে যান। কিন্তু এর পেছনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশগত বার্তা ও আইনি সতর্কতা। ডিভাইসের গায়ে থাকা এই চিহ্নটি মূলত জানিয়ে দেয়, পণ্যটির ব্যবহার শেষ হয়ে গেলে সেটিকে সাধারণ গৃহস্থালির আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া উচিত নয়।

ডাস্টবিনের ওপর ক্রস দেওয়া এই প্রতীকটি সাধারণভাবে ডব্লিউইইই (WEEE – Waste Electrical and Electronic Equipment) চিহ্ন হিসেবে পরিচিত। সহজ করে বললে, এটি একটি কঠোর নির্দেশনা যে, কোনো ইলেকট্রনিক পণ্য ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে সাধারণ ময়লার ঝুড়িতে তা ফেলা যাবে না। পুরোনো মোবাইল, ল্যাপটপ বা চার্জার নষ্ট হয়ে গেলে সেটিকে নির্দিষ্ট ই-ওয়েস্ট সংগ্রহ বা পুনর্ব্যবহার ব্যবস্থার আওতায় দেওয়া বাধ্যতামূলক।

কেন সাধারণ ডাস্টবিনে ফেলা যাবে না? ইলেকট্রনিক যন্ত্রের ভেতরে বিভিন্ন ধরনের ধাতু, প্লাস্টিক ও ব্যাটারির মতো উপাদান থাকে। এমনকি কিছু পুরোনো গ্যাজেটে সিসা, পারদ ও ক্যাডমিয়ামের মতো অত্যন্ত ক্ষতিকর পদার্থও থাকে। এই ধরনের বর্জ্য যদি নিয়ন্ত্রণহীনভাবে ফেলে রাখা হয় বা ভুল পদ্ধতিতে ভাঙা হয়, তবে তা মাটি ও পানিদূষণের পাশাপাশি মানবস্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।

তাই আপনার পুরোনো গ্যাজেটটি ফেলে দেওয়ার আগে স্থানীয়ভাবে ই-ওয়েস্ট সংগ্রহের ব্যবস্থা রয়েছে কি না তা খতিয়ে দেখা উচিত। অনেক নির্মাতা প্রতিষ্ঠান বা অনুমোদিত রিসাইক্লিং কেন্দ্র এখন পুরোনো ডিভাইস সংগ্রহ করে থাকে। ডিভাইস বদলানোর আগে ব্যক্তিগত তথ্য মুছে ফেলা এবং অ্যাকাউন্ট থেকে সাইন-আউট করাও জরুরি। সুতরাং, পরেরবার গ্যাজেটের গায়ে এই ছোট্ট প্রতীকটি দেখলে সেটিকে নিছক লোগো ভেবে ভুল করবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *