কেবিসিকে চিরকালের মতো বিদায় জানাচ্ছেন অমিতাভ বচ্চন? বিগ বির লেটেস্ট ব্লগ ঘিরে কেন শুরু হলো শোরগোল?

দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মনে রাজত্ব করার পর জনপ্রিয় রিয়ালিটি গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC) নিয়ে এক বড় এবং আবেগঘন ইঙ্গিত দিলেন হিন্দি সিনেমার মহানায়েক অমিতাভ বচ্চন। বর্তমানে শোটির ১৮তম মরশুম সফলভাবে সঞ্চালনা করছেন বিগ বি, তবে তাঁর সাম্প্রতিক একটি ব্লগ পোস্ট ঘিরে ভক্তমহলে চরম উৎকণ্ঠা ও জল্পনা শুরু হয়েছে।
ঠিক কী লিখেছেন অমিতাভ বচ্চন?
নিজের সাম্প্রতিক ব্লগে বিগ বি প্রকাশ করেছেন যে, অনেক সময় শোয়ে অংশ নেওয়া প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের মর্মান্তিক ও বেদনাদায়ক গল্পগুলি তাঁকে ভীষণভাবে নাড়া দেয়। এই ধরনের দুঃখজনক অভিজ্ঞতা সামলানো এবং আবেগ ধরে রাখা তাঁর জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি লিখেছেন, এই সমস্ত হৃদয়বিদারক ঘটনাগুলি শোয়ের সঞ্চালনা চালিয়ে যাওয়াকে বেশ কঠিন করে তুলেছে। এরপরই তিনি আক্ষেপের সুরে লেখেন যে, এখন তাঁর মন অবসর নেওয়ার কথা বলে, কারণ অনেক রাত হয়ে গেছে এবং তাঁকে যেন এবার অন্য কোনো অজানা ডাক হাতছানি দিচ্ছে।
কেবিসি-র সঙ্গে অমিতাভের দীর্ঘ পথ চলা
উল্লেখ্য, ২০০০ সাল থেকে শুরু হওয়া কেবিসি-র প্রায় প্রতিটি মরশুমেই মূল চেহারায় দেখা গেছে অমিতাভ বচ্চনকে। একমাত্র তৃতীয় মরশুমটি বাদ দিলে দীর্ঘ সময় ধরে এই শোয়ের একচ্ছত্র আইকন হয়ে থেকেছেন তিনি। এর আগেও বিভিন্ন সময়ে তাঁর শো ছাড়ার নানা গুঞ্জন শোনা গেলেও তা শেষ পর্যন্ত রটনা বলেই প্রমাণিত হয়েছিল। কিন্তু এবারের এই সরাসরি ব্লগ পোস্টটি অনুরাগীদের মনে এক গভীর প্রশ্নচিহ্ন ও হতাশার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, মেগাস্টার সত্যিই শো থেকে সরে দাঁড়ানোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেন কি না।