ফুল প্যান্ট পরলেও মিলবে না রেহাই! কীভাবে চামড়া ভেদ করে রক্ত চুষছে মশা? জানুন বিজ্ঞানসম্মত কারণ

মশার উপদ্রব থেকে বাঁচতে ঘর থেকে বের হওয়ার সময় ফুল প্যান্ট বা গা ঢাকা পোশাক পরার পরামর্শ দেন প্রবীণেরা। হাফ প্যান্টের তুলনায় সারা শরীর ঢাকা থাকায় মশার হাত থেকে রক্ষা পাওয়া যাবে—এমনটাই সাধারণ ধারণা। তবে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় যে তথ্য সামনে এসেছে, তাতে চোখ কপালে ওঠার জোগাড়। গবেষকেরা জানাচ্ছেন, ফুল প্যান্ট বা টাইট লেগিংস পরার পরেও খুব সহজেই আপনাকে কামড়াতে পারে মশা। নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের একটি গবেষণায় এই চাঞ্চল্যকর বিষয়টি প্রকাশ পায়। গবেষকদের মতে, মশার শুঁড় বা হুল মানুষের মাথার চুলের মতোই অত্যন্ত সূক্ষ্ম এবং ধারালো হয়। গরমের দিনে আমরা সচরাচর যে ধরনের হালকা বা পাতলা সুতির জামাকাপড় পরি, তার সুতোর বুননে খুব সূক্ষ্ম ফাঁক থাকে। মশার হুল এতটাই সরু যে কাপড়ের সেই ফাঁক গলে তা সোজা ত্বকে গিয়ে পৌঁছায়। পরিস্থিতি আরও জটিল হয় যখন কেউ খুব আঁটসাঁট পোশাক বা লেগিংস ব্যবহার করেন। পোশাকটি যখন চামড়ার সঙ্গে একদম সেঁটে থাকে, তখন মশাদের পক্ষে কাজ হাসিল করা আরও সহজ হয়। কাপড়ের ওপর বসেই তারা সরাসরি হুল ফুটিয়ে দিতে পারে। ফলে শুধু ফুল প্যান্টের ওপর ভরসা করে পুরোপুরি সুরক্ষিত থাকা সম্ভব নয়। মশার এই আক্রমণ থেকে কিছুটা নিস্তার পেতে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। একদম পাতলা কাপড়ের পরিবর্তে একটু ঘন বুনোটের পোশাক বেছে নেওয়া ভালো। পাশাপাশি শরীরের সঙ্গে একেবারে চেপে থাকা আঁটসাঁট পোশাক এড়িয়ে একটু ঢিলেঢালা পোশাক পরা উচিত। ঢিলেঢালা পোশাকে কাপড়ের স্তর চামড়া থেকে কিছুটা দূরে থাকে, ফলে মশা বসলেও তার হুল সহজে ত্বকে পৌঁছাতে পারে না। পোশাকের সুরক্ষার পাশাপাশি বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া এবং মশানাশক স্প্রে বা রোল-অন ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *