মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি উড়িয়ে নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা! শেষরক্ষা হলো না, ধুলিয়ানে আটক মা ও মেয়ে

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও থামছে না অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়ার প্রবণতা। সমস্ত সতর্কতাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার এক নাবালিকার গোপনে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। বুধবার রাতে মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাজিনগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসর বানচাল করে দেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ বছর বয়সি এক কিশোরীর বিয়ের গোপন আয়োজন চলছিল। পরিবারের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গিয়ে সমস্ত আয়োজন বন্ধ করে দেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য নাবালিকা ও তার মাকে থানায় নিয়ে আসে।
পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরাও। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইনি পরিণতি ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করেন।
নাবালিকা বিবাহ রোধে রাজ্য প্রশাসন বরাবরই অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করে আসছে। সম্প্রতি এই বিষয়ে কড়া বার্তা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আঠারোর নিচে মেয়েদের বিয়ে এবং নাবালিকা মাতৃত্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের বাড়ি থেকে তুলে সোজা জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও খোদ প্রশাসনিক নজরদারির মধ্যেই এ ধরনের ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে সচেতনতা নিয়ে। আপাতত পুলিশি হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ ভেস্তে যাওয়ায় স্বস্তিতে স্থানীয় সচেতন মহল।