গভীর রাতে মাথার ছাদ কেড়ে নিল জরাজীর্ণ মাটি! মধ্যপ্রদেশে বাড়ি ভেঙে মর্মান্তিক মৃত্যু দুই কিশোরীর

মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় ফের এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল দুই শিশু ও কিশোরী। একটানা ভারী বৃষ্টির জেরে হীনৌটা থানার অন্তর্গত মাতা কিয়োত্রা গ্রামে একটি জরাজীর্ণ মাটির বাড়ি হঠাৎ ধসে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুই মাসের এক শিশুকন্যা ও ১৫ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক নারী, যিনি বর্তমানে ছাতারপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে যখন গোটা গ্রাম ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই এই দুর্ঘটনা ঘটে। সেই সময় হেমা কেওয়াত তাঁর দুই মাসের মেয়ে এবং ১৫ বছরের ননদকে নিয়ে ওই মাটির ঘরে ঘুমাচ্ছিলেন। আচমকাই বাড়ির দেওয়াল ও ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং তিন জনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। মহিলার আর্তনাদ শুনে আশপাশের গ্রামবাসী ও পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা কোনোমতে তাঁদের উদ্ধার করলেও ততক্ষণে দুই মেয়ে মারা গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় হেমা দেবীকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর পেট ও পায়ে আঘাত লাগলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

দুর্ঘটনার খবর পেয়ে চান্দলার বিধায়ক তথা প্রতিমন্ত্রী দিলীপ আহিরওয়ার অবিলম্বে জেলা হাসপাতালে ছুটে যান এবং আহত মহিলার সঙ্গে দেখা করে চিকিৎসার সমস্ত খোঁজখবর নেন। পাশাপাশি, ভুক্তভোগী পরিবারটিকে দ্রুত ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন তিনি।

এলাকায় লাগাতার ভারী বৃষ্টির কারণে বহু পুরোনো ও ভগ্নপ্রায় বাড়ি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এই ধরনের বিপজ্জনক বাড়িগুলির বিষয়ে প্রশাসনকে দ্রুত খবর দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছেন তিনি, যাতে কোনো বড় দুর্যোগ ঘটার আগেই পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে বাড়িঘরের জরিপ চলছে এবং সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমস্ত ধরনের সাহায্যের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *