দোকানের রসগোল্লা-সন্দেশ ভুলে যান! বাড়িতেই বানান মুঘল আমলের রাজকীয় মিষ্টি ‘বালুশাহী’

বাঙালি মানেই খাদ্যরসিক, আর শেষ পাতে মিষ্টিমুখ না হলে ভূরিভোজটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তবে রসগোল্লা বা পান্তুয়া তো প্রায়ই খাওয়া হয়, এবার পাতে আসুক রাজকীয় স্বাদ! দোকান থেকে না কিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন মুঘল আমলের ঐতিহ্যবাহী মিষ্টি ‘বালুসাই’ বা ‘বালুশাহী’।
ইতিহাসবিদদের মতে, এই মিষ্টির উৎপত্তি উত্তর ভারতে। দিল্লি সালতানাত ও মুঘল আমলের রাজকীয় রন্ধনশালায় প্রথম তৈরি হয়েছিল এই জিভে জল আনা মিষ্টি। কালের নিয়মে রাজপ্রাসাদের সীমানা পেরিয়ে এটি সাধারণ মানুষের অতি প্রিয় একটি খাবারে পরিণত হয়। দক্ষিণ ভারতে এটি ‘বাদুশা’ এবং কোথাও কোথাও ‘মাখন বড়া’ নামে পরিচিত। অনেকেই আবার এর মুচমুচে ও রসালো গঠনের কারণে এটিকে দেশি ‘গ্লেজড ডোনাট’ বলে থাকেন।
বাড়িতেই কীভাবে তৈরি করবেন এই রাজকীয় বালুশাহী? রইল একদম সহজ ও নিখুঁত রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ:
-
ময়দা: ২ কাপ
-
ফেটানো টক দই: ৬ টেবিল চামচ
-
ঘি: ৪ টেবিল চামচ
-
বেকিং সোডা: আধ চা-চামচ
-
জায়ফল গুঁড়ো: ১/৪ চা-চামচ
-
নুন: ১ চিমটি
-
চিনি: ২ কাপ (সিরার জন্য)
-
জল: ১ কাপ
-
তেল/ঘি: ভাজার জন্য
-
মাওয়া/খোয়া ক্ষীর: সাজানোর জন্য (ঐচ্ছিক)
তৈরির সহজ পদ্ধতি:
১. খামির বা ডো তৈরি: প্রথমে একটি পাত্রে ময়দা, বেকিং সোডা, সামান্য নুন এবং জায়ফল গুঁড়ো একসঙ্গে ভালো করে ছেলে নিন। এবার এতে ঘি দিয়ে আলতো হাতে মেখে ঝরঝরে করে নিন। এরপর অল্প অল্প করে টক দই মিশিয়ে মণ্ড (ডো) তৈরি করুন। মনে রাখবেন, পরোটার মতো এটি খুব বেশি ঠেসে মাখা যাবে না। মিশ্রণ তৈরি হলে ঢাকা দিয়ে ৩০ মিনিট রেখে দিন।
২. আকার দেওয়া ও ভাজা: ৩০ মিনিট পর মাখানো ডো থেকে ছোট ছোট লেচি কেটে হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা গোল আকার দিন এবং মাঝখানে বুড়ো আঙুল দিয়ে সামান্য গর্ত করে নিন (ডোনাটের মতো)। এবার কড়াইতে তেল বা ঘি মাঝারি আঁচে গরম করে নিন। বালুসাইগুলো কম আঁচে ধীরেসুস্থে সময় নিয়ে সোনালি করে ভেজে তুলে নিন, যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়।
৩. রস বা সিরা তৈরি: অন্য একটি পাত্রে ১ কাপ জল ও ২ কাপ চিনি ফুটিয়ে ঘন সিরা তৈরি করে নিন।
৪. মিষ্টির চূড়ান্ত রূপ: হালকা গরম থাকতে থাকতেই ভেজে রাখা বালুসাইগুলো চিনির সিরায় ডুবিয়ে দিন। ৫ থেকে ১০ মিনিট রসে ভিজতে দিন যাতে মিষ্টির ভেতরে রস ঢুকে নরম ও মচমচে হয়।
ব্যাস! রস থেকে তুলে ওপর থেকে সামান্য মাওয়া বা পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন খাস্তা ও রসালো রাজকীয় বালুসাই।