পুজোর আগেই পকেট ভারী! একলপ্তে ২০ শতাংশ ডিএ বৃদ্ধির টাকা কবে অ্যাকাউন্টে ঢুকছে? জানুন বড় আপডেট

কেন্দ্রের সঙ্গে ব্যবধান কমাতে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বা ডিএ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম পূর্ণাঙ্গ বাজেট থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একধাক্কায় ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে। এর ফলে বর্তমানে ৩৮ শতাংশ হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা।
পুজোর আগেই মিলবে বর্ধিত ডিএ ও অগ্রিম বেতন
নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত রাজ্যের শিক্ষক দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, পুজোর মাসের অগ্রিম বেতনের সঙ্গেই বর্ধিত ২০ শতাংশ ডিএ হাতে পাবেন সরকারি কর্মীরা। শিক্ষক-শিক্ষিকারাও এই বর্ধিত সুবিধার আওতায় থাকবেন। সাধারণত রাজ্য কর্মীরা মাসের শেষ কার্যদিবসে এবং শিক্ষকরা পরের মাসের প্রথম তারিখে বেতন পেলেও, উৎসবের মরশুমে বরাবরই অগ্রিম বেতন দেওয়ার রীতি রয়েছে। চলতি বছর দুর্গাপুজোর ছুটি ১৫ অক্টোবর থেকে শুরু হওয়ায় ১৩ বা ১৪ তারিখের মধ্যেই কর্মচারীদের অ্যাকাউন্টে অগ্রিম মাইনে ও বর্ধিত ডিএ ঢুকে যাবে।
কেন্দ্রের সঙ্গে ব্যবধান ও পে কমিশন নিয়ে আশ্বাস
অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য কর্মীদের ডিএ-র ফারাক ৪২ শতাংশ রয়েছে, যা ধাপে ধাপে কমিয়ে আনা হবে। পাশাপাশি বকেয়া ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে ইতিবাচক বার্তা দিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির এই যুগে কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতেই সপ্তম পে কমিশন গঠন করা হয়েছে এবং রিপোর্ট হাতে এলেই তা দ্রুত কার্যকর করা হবে।