“৪৫ দিন নয়, রান্নার গ্যাস মিলবে ২৫ দিনেই”-LPG গ্যাস বুকিংয়ে গ্রাহকদের বিরাট স্বস্তি!

গ্রামাঞ্চলের রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর দিল কেন্দ্র। দেশের তেল বিপণন সংস্থাগুলি গ্রামীণ এলাকায় এলপিজি সিলিন্ডার রিফিল বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে। এখন থেকে গ্রাম এবং শহর—উভয় অঞ্চলেই সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান অভিন্ন রাখা হয়েছে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, এতদিন গ্রামীণ এলাকায় একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুক করার জন্য ৪৫ দিনের দীর্ঘ ব্যবধান বা অপেক্ষার নিয়ম ছিল। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই নিয়ম শিথিল করা হয়েছে এবং রিফিল বুকিংয়ের এই ব্যবধান ৪৫ দিন থেকে কমিয়ে সরাসরি ২৫ দিন করা হয়েছে। ফলে এখন থেকে শহর ও গ্রামের গৃহস্থালি গ্রাহকরা মাত্র ২৫ দিন অন্তরই নতুন এলপিজি সিলিন্ডার বুক করতে পারবেন।
উল্লেখ্য, এর আগে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে চলা সংকটের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লেগেছিল। জ্বালানি সংকট ও জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র ও তেল কোম্পানিগুলি বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছিল। সেই সময় জোগান নিয়ন্ত্রণে রাখতে গ্রামীণ গ্রাহকদের জন্য সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে গ্যাসের জোগান পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় এবং পেন্ডিং বুকিংয়ের ব্যাকলগ কমে আসায় এই কড়াকড়ি তুলে নেওয়া হয়েছে।
কেন্দ্রের এই নতুন ও যুগান্তকারী সিদ্ধান্তের ফলে গ্রামবাংলার লাখ লাখ সাধারণ পরিবার যে ভীষণভাবে উপকৃত হবেন, তা বলাই বাহুল্য। অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করার জন্য রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।