ডিজে নিষিদ্ধ, ২৪ অক্টোবরের মধ্যে বিসর্জন আর ১০০% ফ্রি বিদ্যুৎ! পুজো নিয়ে একঝাঁক মেগা ঘোষণা!

রাজ্যে নতুন সরকার আসার পর এটাই প্রথম দুর্গাপুজো। আর পুজো আসতেই কড়া নির্দেশিকা জারি করল প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, দেবীপক্ষ শুরুর আগে অর্থাৎ মহালয়ার আগে কোনোভাবেই দুর্গাপুজো উদ্বোধনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে পুজোর ক’দিন কলকাতার যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ বা আটকানো নিষেধ করা হয়েছে।
পুজো পরিচালনার নতুন নিয়মাবলী
মিলনমেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী একগুচ্ছ কড়া নির্দেশ ও বড় ঘোষণা করেছেন:
-
উদ্বোধনের সময়সীমা: বিগত বছরগুলিতে মহালয়ার আগেই বহু পুজোর উদ্বোধন হতে দেখা গেলেও, নতুন সরকারের নিয়মে দেবীপক্ষ শুরু হওয়ার আগে প্যান্ডেল খোলার বা উদ্বোধনের অনুমতি মিলবে না। মহালয়ার পরই শুরু হবে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন।
-
যান চলাচলে কড়াকড়ি: কলকাতার সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ১৩টি প্রধান রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রেড রোড, ডি এল খান রোড, লেনিন সরণি, প্রিন্স আনোয়ার শাহ রোড, পার্ক সার্কাস কানেক্টর-সহ মূল রাস্তাগুলি আটকে কোনো পুজো করা যাবে না।
-
ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ: পুজোর দিনগুলিতে এবং প্রতিমা বিসর্জনের সময় কোনোভাবেই ডিজে বা চটুল গান বাজানো যাবে না। এটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
-
বিসর্জনের ডেডলাইন: আগামী ২৪ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজোর আগের দিনের মধ্যেই সমস্ত প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করতে হবে।
-
অষ্টমীতে মদ বিক্রি বন্ধ: দুর্গাপুজোর অষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
-
কার্নিভাল বাতিল ও মেগা শো: পুজো কার্নিভাল বাতিলের পাশাপাশি মহালয়ায় ইডেনে একটি মেগা শো-র আয়োজন করা হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হবে।
পুজো কমিটিগুলির জন্য বড় স্বস্তি
কড়াকড়ির পাশাপাশি পুজো কমিটিগুলির আর্থিক কথা মাথায় রেখে বিদ্যুৎ বিলে বড় ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য বিদ্যুৎ পর্ষদ (WBSEDCL) এবং সিইএসসি (CESC)-র সঙ্গে আলোচনা হয়েছে এবং পুজো প্যান্ডেলগুলির জন্য ১০০ শতাংশ বিদ্যুৎ বিল মকুব বা ফ্রি করা হয়েছে। উৎসবের মরশুমে একদিকে কড়া প্রশাসনিক নিয়ম এবং অন্যদিকে বড় আর্থিক স্বস্তি নিয়ে এখন থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্যে।