সাঁতার শিখতে গিয়েই মর্মান্তিক পরিণতি! ঢাকুরিয়ার ক্লাবে জলের তলায় তলিয়ে একাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু

খাস কলকাতার ঢাকুরিয়ায় সাঁতার শিখতে গিয়ে একাদশ শ্রেণির এক ছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। শুক্রবার বিকেলে রবীন্দ্র সরোবর সংলগ্ন একটি সুইমিং ক্লাবে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ছাত্রের নাম সরিপ ঘোষ (১৬)। ক্লাবের প্রশিক্ষকদের চরম গাফিলতির ফলেই কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে মৃতের পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় ক্লাবে জলের নিচে বা আন্ডারওয়াটার প্রশিক্ষণের বিশেষ পর্ব চলছিল। অভিযোগ, সেই প্রশিক্ষণের সময়ই কোনো এক মুহূর্তে জলের তলায় তলিয়ে যায় সরিপ। দীর্ঘক্ষণ ওই কিশোর জল থেকে উঠে না আসায় প্রশিক্ষকদের সন্দেহ হয় এবং শুরু হয় খোঁজাখুঁজি। এরপর পুলের নিচ থেকে তাকে সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ক্লাবের ভূমিকা নিয়ে একশো একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। সাঁতার প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষকরা কোথায় ছিলেন এবং কী করছিল ক্লাব কর্তৃপক্ষ, সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই লেক থানার পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। পুলের ভেতরে নিরাপত্তা বলয় বা নজরদারিতে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।