উত্তর থেকে দক্ষিণ—কোন কোন জেলায় আজ নামবে ভারী বৃষ্টি? এক নজরে আবহাওয়ার পূর্বাভাস

দফায় দফায় বৃষ্টির পর শুক্রবার থেকেই শহর কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। তবে সপ্তাহান্তের এই দিনেও স্বস্তির অবকাশ নেই পুরোপুরি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শনিবারও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া।

কলকাতার আজকের আবহাওয়া

আজ শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৮ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর—এই জেলাগুলির এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত) সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার একই রকম মেজাজ বজায় থাকবে। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে মুর্শিদাবাদ জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *