সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকা এবার সরাসরি ফেরত পাবেন! দুর্দান্ত পোর্টাল আনল সরকার, জানুন আবেদনের নিয়ম

দিন দিন বেড়েই চলেছে সাইবার জালিয়াতির ঘটনা। ওটিপি প্রতারণা থেকে শুরু করে ডিজিটাল গ্রেপ্তার—নানা কৌশলে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা নিমেষে হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। তবে সাইবার শিকার হওয়া মানুষের জন্য এবার বিরাট স্বস্তির খবর নিয়ে এল কেন্দ্র। প্রতারিতদের হারানো টাকা সহজে ফেরত পেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) চালু করেছে একটি নতুন সাব-পোর্টাল, যার নাম মোবাইল রিস্টোরেশন মডিউল বা এমআরএম (MRM)।

এই পোর্টালের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা ঘরে বসেই অত্যন্ত সহজে টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন। এর ফলে সরকারি দপ্তর বা ব্যাংকে চক্কর কাটার ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে। তবে শর্ত একটাই, প্রতারণার শিকার হওয়ার সঙ্গে সঙ্গেই ১৯৩০ হেল্পলাইন বা এনসিআরপি (NCRP) পোর্টালে অভিযোগ জানাতে হবে এবং অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই অর্থ ইতিমধ্যেই বাজেয়াপ্ত বা জব্দ করা হয়ে থাকতে হবে।

এমআরএম পোর্টালে টাকা ফেরতের ক্ষেত্রে তিনটি সুনির্দিষ্ট বিভাগ বা ক্যাটাগরি রাখা হয়েছে: ১. আটকে রাখা টাকার পরিমাণ যদি ৫০ হাজার টাকার কম হয়, তবে এফআইআর বা আদালতের আদেশের কপি ছাড়াই পুলিশের কাছে অভিযোগ জানানোর ভিত্তিতে সরাসরি টাকা ফেরত পাওয়া সম্ভব। ২. যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্টে আটকে থাকা মোট টাকা ৫০ হাজার ছাড়িয়ে যায়, কিন্তু কোনো একটি অ্যাকাউন্টেও টাকার পরিমাণ ৫০ হাজার অতিক্রম না করে, সেক্ষেত্রেও এফআইআর বা আদালতের অর্ডারের প্রয়োজন নেই। ৩. তবে যদি কোনো একটিমাত্র ব্যাংক অ্যাকাউন্টে জব্দ করা টাকার পরিমাণ ৫০ হাজার টাকার বেশি হয়, তবে রিফান্ডের আবেদন করার আগে অবশ্যই এফআইআর দায়ের করতে হবে এবং আদালতের আদেশের কপি জমা দিতে হবে।

পোর্টালে কীভাবে আবেদন করবেন?

  • প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ডের ডিজিটাল কপি, ১৪-সংখ্যার কমপ্লেন আইডি এবং এনসিআরপিতে নথিভুক্ত মোবাইল নম্বরটি কাছে রাখুন।

  • এরপর MRM পোর্টালে গিয়ে ‘সিটিজেন লগইন’ সিলেক্ট করুন এবং ওটিপির মাধ্যমে লগইন করুন।

  • পোর্টালে গিয়ে ‘Raise Refund Request’-এ ক্লিক করে আপনার ১৪-সংখ্যার অভিযোগ নম্বরটি দিন।

  • স্ক্রিনে জব্দ করা অর্থের পরিমাণ দেখতে পাবেন। এরপর আপনার প্যান কার্ডের ছবি আপলোড করুন এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড লিখুন। প্রয়োজনে আদালতের আদেশের ডিজিটাল কপিও আপলোড করতে হবে।

  • সমস্ত তথ্য যাচাই করে ডিক্লারেশন বক্সে টিক দিয়ে সাবমিট করুন। এরপরেই পোর্টাল থেকে ‘MR2026’ দিয়ে শুরু হওয়া একটি ইউনিক রিকোয়েস্ট আইডি পেয়ে যাবেন, যার সাহায্যে আপনি সহজেই আপনার রিফান্ডের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *