ক্যামাক স্ট্রিট অফিস কাণ্ডে বিরাট মোড়! মালিকের আপত্তিতে সুপ্রিম কোর্টে অভিষেক শিবির, তুঙ্গে রাজনৈতিক চর্চা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের রাজনৈতিক অফিস সংক্রান্ত আইনি লড়াইয়ে এবার নতুন মোড়। দলীয় কার্যালয়ের নামফলক সরিয়ে দেওয়া এবং অগ্নি নিরাপত্তার জেরে ভবন খালি করার নির্দেশকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের পর এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
দিনকয়েক ধরেই ক্যামাক স্ট্রিটের ওই ভবনটিকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোরগোল শুরু হয়েছে। প্রথমে হোর্ডিং বিতর্ক এবং পরবর্তীতে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকার অভিযোগে দমকল বিভাগের তরফে ওই ভবনের সপ্তম ও অষ্টম তলা আংশিক খালি করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, দমকলের পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট নিয়ম না মানায় এবং ফায়ার সেফটি সার্টিফিকেট রিনিউ না করার কারণে মালিকপক্ষের কাছেও চিঠি পাঠানো হয়েছে।
অন্যদিকে, ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয় থেকে পুরসভার মাধ্যমে নামফলক খুলে নেওয়ার অভিযোগে এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। হাইকোর্টে দলটির পক্ষ থেকে দাবি করা হয়, কোনো রকম বক্তব্য রাখার সুযোগ না দিয়েই অত্যন্ত তাড়াহুড়ো করে পুরসভা এই পদক্ষেপ করেছে। এমনকি নামফলক সরানোর সময় উপস্থিত আধিকারিকদের পরিচয়ও প্রকাশের আবেদন জানানো হয়।
তবে হাইকোর্টে এক অন্য তথ্য সামনে আনে ওই বাড়ির মালিকপক্ষ। তাঁদের দাবি, কোনো রকম অনুমতি ছাড়াই অভিষেকের অফিসের পক্ষ থেকে ওই নামফলক লাগানো হয়েছিল। উভয় পক্ষের সওয়াল শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরী কোনো অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে পুরসভাকে হলফনামা পেশ করার নির্দেশ দেন।
হাইকোর্টে কোনো স্বস্তি না মেলায় এবং একক বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতাপন্থী তৃণমূল নেতৃত্ব। আগামী সোমবার শীর্ষ আদালত এই মামলার কী রায় দেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।