শৌচালয়ের ভেতরে ওই চিরকুট দেখেই আঁতকে উঠলেন কেবিন ক্রু! কলকাতা বিমানবন্দরে বড়সড় নাশকতার ছক?

উড়ানের ঠিক আগের মুহূর্তে চরম বোমাতঙ্কে কেঁপে উঠল কলকাতা বিমানবন্দর। কলকাতা থেকে গোরখপুরগামী ইন্ডিগো বিমানের শৌচালয়ে একটি হুমকি চিরকুট মেলায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে শুক্রবার বিকেলে দমদম বিমানবন্দরে বিরাট শোরগোল পড়ে যায় এবং যাত্রীদের জরুরি ভিত্তিতে বিমান থেকে নামিয়ে আনা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে গোরখপুর যাওয়ার জন্য বিমানটি যখন রানওয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই কেবিন ক্রু ওই চিরকুটটি দেখতে পান। বিমানে বোমা রাখা রয়েছে—এমন বার্তা লেখা ছিল সেই কাগজে। ক্রু সদস্যরা তৎক্ষণাৎ বিষয়টি পাইলটকে জানান এবং পাইলটের মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

খবর পাওয়া মাত্রই যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামে নিরাপত্তা বাহিনী। বম্ব স্কোয়াড, সিআইএসএফ জওয়ান এবং স্নিফার ডগ নিয়ে বিমানটির ভেতর তন্নতন্ন করে তল্লাশি শুরু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই এক সন্দেহভাজন যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

হুমকি বার্তার জেরে নির্দিষ্ট সময়ে বিমানটি গোরখপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেনি। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা বিমানবন্দর চত্বরে কড়াকড়ি বাড়ানো হয়েছে। বিমানে কীভাবে এবং কে ওই চিরকুটটি রেখে গেল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *