দিল্লি হাটে গিয়ে ভ্লগারের মুখে ‘বর্ণবাদ’! টিকিটের দ্বিগুণ দাম দেখে যা বললেন বিদেশি পর্যটক

দিল্লির বিখ্যাত ‘দিল্লি হাট’-এর প্রবেশমূল্য নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এক বিদেশি ভ্লগার। ভারতীয় ও বিদেশিদের জন্য টিকিটের ভিন্ন মূল্য দেখে ক্ষুব্ধ ওই পর্যটক বিষয়টিকে সরাসরি ‘বর্ণবাদ’ ও ‘বৈষম্যের’ সঙ্গে তুলনা করায় নেটদুনিয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে টাইলার ব্লান্ডন নামের এক বিদেশি পর্যটক ইনস্টাগ্রামে দিল্লি হাটের বাইরে দাঁড়িয়ে একটি মূল্য তালিকার দিকে ইঙ্গিত করেন। সাইনবোর্ডের হিসাব অনুযায়ী, প্রাপ্তবয়স্ক ভারতীয়দের জন্য প্রবেশমূল্য ৩০ টাকা, শিশুদের জন্য ২০ টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। এই দামের ফারাক দেখেই ক্যামেরা হাতে ভিডিওতে রসিকতা করে টাইলার বলেন, তিনি অন্যদের চেয়ে আলাদা দাম দিচ্ছেন। ব্রিটেনে এমন ঘটনা ঘটলে তাকে বর্ণবাদ বলা হতো বলে মন্তব্য করে তিনি ক্যাপশনে লেখেন, “ভারতে কি বর্ণবাদ আছে?”

ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল তর্ক। একদল নেটিজেন পশ্চিমা দেশগুলিতে ভারতীয়দের ওপর হওয়া বৈষম্যমূলক আচরণের প্রসঙ্গ টেনে আনেন। অনেকে আবার মনে করিয়ে দেন, বিশ্বের বহু উন্নত দেশ এবং ইউরোপের বিভিন্ন পর্যটন কেন্দ্রেও অ-নাগরিকদের কাছ থেকে উচ্চহারে ফি আদায় করা হয়। এছাড়া, দিল্লি হাটের মতো জনবহুল ও সাংস্কৃতিক স্থানগুলি ভারতীয় নাগরিকদের করের টাকায় রক্ষণাবেক্ষণ করা হয়, তাই স্থানীয়দের জন্য কম দাম হওয়াই স্বাভাবিক বলে মত প্রকাশ করেছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *