চোখের সামনে রুশ ড্রোন হামলা, কিয়েভ সফরে গিয়ে যা বললেন ভারতের বিদেশমন্ত্রী!

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার তীব্র সংঘাতের আবহেই বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুই নেতার এই বৈঠকে মূলত যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকে এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন, এই যুদ্ধ থামাতে ভারত যে কোনও ধরনের সহায়তা করতে প্রস্তুত। তবে এই কূটনৈতিক সফরের মাঝেই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট।
বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি ভারতের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ভারতের বিদেশমন্ত্রী যখন কিয়েভে উপস্থিত ছিলেন, ঠিক সেই সময়ই ইউক্রেনের আকাশসীমায় ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন নিয়ে হামলা চালায় রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় বিমানবাহিনীর তৎপরতায় ভারতীয় প্রতিনিধিদলকে সেই হামলার হাত থেকে নিরাপদে রক্ষা করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়াও কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ ও খাদ্য সরবরাহ করিডোরে রাশিয়ার লাগাতার হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জেলেনস্কি।
এর আগে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গেও বৈঠক করেন এস জয়শঙ্কর। যৌথ বিবৃতিতে দু’পক্ষই স্পষ্ট করে দিয়েছে যে, ভারত বরাবরই বিশ্বাস করে এটি যুদ্ধের সময় নয় এবং যুদ্ধক্ষেত্র কোনও সমস্যার সমাধান করতে পারে না। কিয়েভে সাম্প্রতিক হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বিদেশমন্ত্রী জানান, এই প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক এবং নিহতের পরিবারের পাশে রয়েছে ভারত।
পাশাপাশি, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ও মানবিক সহায়তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। বিগত চার বছর ধরে যুদ্ধ ও সরবরাহজনিত কারণে বাণিজ্য কিছুটা ব্যাহত হলেও, ওষুধ, খাদ্য, কৃষি পণ্য এবং সারের মতো ক্ষেত্রগুলিতে ভারত ও ইউক্রেনের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক যে এখনও যথেষ্ট শক্তিশালী, তা বৈঠকে তুলে ধরেন এস জয়শঙ্কর।