পুলিশকে সঙ্গে নিয়ে ফিরহাদ হাকিমের অফিসে হানা! ঠিক কী কারণে কড়া পদক্ষেপ কমিশনের?

রাজ্য রাজনীতিতে ফের বড়সড় চাঞ্চল্য। নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এবার নিউ আলিপুরে রাজ্যের প্রাক্তন মেয়র তথা হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমের দুটি সংস্থায় হানা দিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। পুলিশি নিরাপত্তাকে সঙ্গে নিয়ে দুর্নীতি বিরোধী কমিশনের তিন সদস্যের একটি দল এই তল্লাশি অভিযান চালায়, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।
কোন কোন সংস্থায় তল্লাশি? জানা গিয়েছে, দুর্নীতি বিরোধী কমিশনের আধিকারিকরা এদিন নিউ আলিপুরে অবস্থিত ‘হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড’ এবং ‘হাকিম কেমিক্যালস্’—এই দুটি সংস্থার অফিসে একযোগে তল্লাশি চালান। ওই সংস্থাগুলির অফিশিয়াল ওয়েবসাইটেও প্রতিষ্ঠাতা হিসেবে ফিরহাদ হাকিমের নামই রয়েছে। তবে এই হঠাৎ হানার পর সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি খোদ প্রাক্তন মেয়র।
কী জানা যাচ্ছে ঘনিষ্ঠমহল সূত্রে? যদিও এই তল্লাশি অভিযানের পর ঘনিষ্ঠমহলের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, ১৯৮৫ সাল থেকে এই কারখানাটি সুনামের সঙ্গেই পরিচালিত হয়ে আসছে। কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে এই কারখানা চালানো হয়। কারখানার শেড ভেঙে যাওয়ার কারণে আজ থেকে প্রায় দু’বছর আগেই তা নতুন করে সারাই বা মেরামতি করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের দপ্তরেও এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের তল্লাশি চালানোর ঘটনা রাজ্যজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল। একের পর এক হেভিওয়েট নেতার সংস্থায় এমন কড়া পদক্ষেপের জেরে আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।