“ফ্রি বাসে চড়েই হেনস্থার শিকার মহিলারা!”-চরম ক্ষোভে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার

রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে করা হলেও, বাসে উঠতে গিয়ে কন্ডাক্টরদের হাতে একাধিকবার হেনস্থার শিকার হতে হচ্ছে যাত্রীদের—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই সামনে আসছিল। এই সমস্ত অনভিপ্রেত ঘটনা রুখতে এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার কড়া পদক্ষেপ করল পরিবহণ দফতর। বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানান, বাসে মহিলা সহ সমস্ত যাত্রীদের নিরাপত্তা ও নজরদারির স্বার্থে কন্ডাক্টরদের জন্য বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। ইতিমধ্যেই এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং চলতি মাসের মধ্যেই এই ক্যামেরাগুলি হাতে তুলে দেওয়া হবে। এই বডি ক্যামেরাগুলি সরাসরি কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে, ফলে লাইভ মনিটরিং করা সম্ভব হবে।
মন্ত্রী আরও জানান, অনেক সময় স্টপেজে বাস না দাঁড় করানো কিংবা মহিলা যাত্রীদের তুলতে অস্বীকার করার অভিযোগ আসছে। পাশাপাশি, আধার কার্ড সঙ্গে না থাকায় অনেক মহিলাকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই তিনি অনুরোধ করেছেন, যাত্রীরা যেন অন্তত মোবাইলেও আধার কার্ডের ডিজিটাল কপি সঙ্গে রাখেন। এছাড়া দূরপাল্লার সরকারি বাস বুকিং করেও বহু মানুষ শেষ মুহূর্তে যাতায়াত না করায় বাস খালি যাচ্ছে এবং সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি প্রকৃত প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। এই প্রবণতা বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি।
আসছে হাজার নতুন বাস ও টোল ফ্রি নম্বর রাজ্যে গণপরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে দুর্গাপুজোর আগেই বেশ কিছু নতুন এসি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মার্চের মধ্যে রাজ্যের রাস্তায় প্রায় ১,০০০ নতুন বাস নামানোর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি ওড়িশা, মহারাষ্ট্র, বিহার ও সিকিমের মতো প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে নতুন বাস চলাচলের চুক্তি করা হচ্ছে, যে বাসগুলিতে স্পষ্টভাবে ‘পশ্চিমবঙ্গ’ লেখা থাকবে। বেকার যুবকদের জন্য কম খরচে বাস পারমিট এবং ছোট অটো-টোটো চালুর সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
যাতায়াতের পথে যে কোনো ধরনের জরুরি সমস্যা বা অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক ডেডিকেটেড টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। যাত্রাপথে কোনো রকম হয়রানির শিকার হলে নিচের নম্বরগুলিতে সরাসরি যোগাযোগ করা যাবে:
-
NBSTC বা উত্তরবঙ্গ সংক্রান্ত: ৯০৪৬২২৯০২৫
-
SBSTC বা দক্ষিণবঙ্গ সংক্রান্ত: ৭৬৯৯৯৯৩৯৩০
-
CTC ও EBSTC সংক্রান্ত: ৮৬৯৭৭৩৩৩৯২ এবং ৮৬৯৭৭৩৩৩৯১
অন্যদিকে, ওলা এবং উবেরের মতো অ্যাপ-ক্যাবগুলিকে অবিলম্বে কমার্শিয়াল নম্বর প্লেট নিতে হবে এবং এর জন্য এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিবহণ মন্ত্রী।