আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পরেই মেগা ট্রাইবুট! মেসিকে নিয়ে এল বড় ঘোষণা

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে আর কখনও মাঠে নামবেন না লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের ঘোষণা করে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেছেন এলএম ১০। কিংবদন্তি এই ফুটবল জাদুকরের দুই দশকের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারকে শ্রদ্ধা জানাতে এবার এক অনন্য উদ্যোগ নিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)।
ম্যাচের দশম মিনিটে বিশেষ সম্মান: এএফএ-র ঘোষণা অনুযায়ী, চলতি সপ্তাহান্তে দেশটির সমস্ত ঘরোয়া ফুটবল ম্যাচের ঠিক দশম মিনিটে খেলা সাময়িক বন্ধ রাখা হবে। টানা এক মিনিট ধরে চলবে করতালির গর্জন। জাতীয় দলের হয়ে দীর্ঘ দিন ধরে ১০ নম্বর জার্সি পরে আলো ছড়িয়েছেন মেসি, আর সেই ঐতিহাসিক জার্সি নম্বরকে সম্মান জানাতেই এই দশম মিনিটকে বেছে নেওয়া হয়েছে। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই সমস্ত ঘরোয়া প্রতিযোগিতায় এই নিয়ম কার্যকর করা হবে।
থাকছে বিশেষ ভিডিয়ো প্রদর্শনীও: শুধু করতালিতেই শেষ হচ্ছে না এই সম্মাননা। যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে একটি বিশেষ শ্রদ্ধাভিত্তিক ভিডিয়ো প্রদর্শন করা হবে। গত সোমবার ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করার পর এএফএ যে আবেগঘন ভিডিয়ো প্রকাশ করেছিল, সেটিই দেখানো হবে মাঠে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে।
অফুরান রেকর্ডের মুকুট মাথায় বিদায়: ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর থেকে দীর্ঘ কুড়ি বছরেরও বেশি সময় ধরে দেশের হয়ে খেলেছেন মেসি। নীল-সাদা জার্সিতে ১২৫টি গোল করে তিনি দেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি রেকর্ড ছ’টি বিশ্বকাপ খেলার গৌরব অর্জনের পর, ২০২২ সালে কাতার বিশ্বকাপে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচ খেলা এবং সর্বাধিক ২৩টি ম্যাচ জয়ের অনন্য রেকর্ডও তাঁরই দখলে।
জাতীয় দলের হয়ে মেসির এই মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি শুধু একটি যুগের অবসান নয়, বরং বিশ্ব ফুটবলের এক বর্ণাঢ্য ইতিহাসের ইতি। আর সেই সোনালী কেরিয়ারকে এবার দেশের প্রতিটি ঘরোয়া ফুটবল স্টেডিয়ামে লাখো ভক্তের করতালিতে চিরস্মরণীয় করে রাখতে চলেছে আর্জেন্টিনা।