হেলিকপ্টারে কেদার দর্শন, অনলাইন বুকিং শুরু IRCTC-তে, জেনেনিন নিয়ম

বর্ষার জেরে দীর্ঘ দিন স্থগিত থাকার পর অবশেষে কেদারনাথগামী তীর্থযাত্রীদের জন্য দারুণ খবর সামনে এল। আবহাওয়ার উন্নতি হওয়ায় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পুনরায় চালু হতে চলেছে কেদারনাথের হেলিকপ্টার পরিষেবা। তীর্থযাত্রার দ্বিতীয় পর্বের এই ঘোষণায় স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাবা কেদারনাথের দেশজুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ ভক্ত।

প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে হেলিকপ্টারের অনলাইন টিকিট বুকিং। তবে জালিয়াতি এড়াতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। ভক্তদের শুধুমাত্র আইআরসিটিসি-র (IRCTC) অফিসিয়াল ওয়েবসাইট (heliyatra.irctc.co.in)-এর মাধ্যমে টিকিট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে গুপ্তকাশী, ফাটা এবং সিরসি হেলিপ্যাড থেকে কেদারনাথে মোট আটটি চপার পরিষেবা চালু রয়েছে। রুদ্রপ্রয়াগের জেলা ম্যাজিস্ট্রেট বিশাল মিশ্র জানিয়েছেন, আবহাওয়া পুরোপুরি অনুকূল থাকলে নির্ধারিত দিন থেকেই আকাশপথে যাত্রা শুরু হবে।

টিকিট বুকিংয়ের নিয়ম ও জরুরি নির্দেশিকা

হেলিকপ্টারে কেদারনাথ যাওয়ার পরিকল্পনা থাকলে কয়েকটি নিয়ম কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক। উত্তরাখণ্ড সরকারের অফিসিয়াল পোর্টালে আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরই কেবল আইআরসিটিসি-র নির্দিষ্ট পোর্টালে গিয়ে যাত্রার তারিখ, সময় ও অন্যান্য বিবরণ দিয়ে টিকিট কনফার্ম করা যাবে। বুকিংয়ের সময় পরিচয়পত্র হিসেবে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পাশাপাশি, কোনো ধরনের প্রতারক বা দালালচক্রের ফাঁদে পা না দিয়ে শুধুমাত্র অনুমোদিত সরকারি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটার জন্য বারবার সতর্ক করেছে প্রশাসন।

সাধারণত গুপ্তকাশী, ফাটা বা সিরসি থেকে কেদারনাথের হেলিকপ্টার ভাড়া ৮,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে। তবে হেলিপ্যাডের দূরত্বের ওপর নির্ভর করে ভাড়ার পরিমাণে সামান্য তারতম্য হতে পারে। যাত্রা করার আগে আবহাওয়া সংক্রান্ত সমস্ত আপডেট এবং নির্দেশিকা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছেন কর্তারা। নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে হেলিপ্যাডে পৌঁছানো বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সমস্ত প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *