মহালয়ায় ইডেনে মেগা শোয়ে আসছেন প্রধানমন্ত্রী? কোন কোন মণ্ডপে যাবেন মোদী-শাহ?

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর রাজ্যের প্রথম বিজেপি সরকারের জমানায় হতে চলা প্রথম দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা। উৎসবের এই মরশুমে বাংলার মাটিতে একাধিক বড় চমক থাকতে চলেছে। মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে হতে চলা এক মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানের হাত ধরে দেবীপক্ষের সূচনায় রাজ্যে হাজির হতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া কলকাতার দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে আরও উঁচুতে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে নবান্ন।
জানা গিয়েছে, আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন রাজ্য সরকারের তরফে ইডেন গার্ডেন্সে একটি বিরাট মেগা শো-র আয়োজন করা হচ্ছে। যার মূল দায়িত্ব দেওয়া হয়েছে সিএবি (CAB)-কে। বাংলার লোকসংস্কৃতি, ধুনুচি নাচ এবং ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। এই জমকালো অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, মহালয়ার দিনই বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেক ইজেডসিসি (EZCC)-র পুজো মণ্ডপ উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী মোদী।
এদিকে ক্ষমতার পালাবদলের জেরে পুজোর চেনা ছকেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিগত সরকারের আমলে ক্লাবগুলিকে মোটা অঙ্কের অনুদান দেওয়ার যে সংস্কৃতি চালু ছিল, নতুন সরকার আসায় তাতে ছেদ পড়তে পারে। শুধুমাত্র প্রয়োজনভিত্তিক পুজো কমিটিকে অনুদান দেওয়া এবং কার্নিভ্যালের নামে অতিরিক্ত সরকারি টাকা খরচ কমানোর পথে হাঁটতে পারে বর্তমান প্রশাসন। আগামী সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে সমস্ত সরকারি পরিকল্পনা এবং রূপরেখা স্পষ্ট করবেন। সব মিলিয়ে, রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারের দুর্গাপুজো যে এক সম্পূর্ণ নতুন মেজাজে ধরা দিতে চলেছে, তা বলাই বাহুল্য।