হঠাৎ চোখের সামনে ধসে গেল রাস্তা! বাড়ির মাত্র ১০ ফুট দূরে প্রলয়কাণ্ড দেখে আঁতকে উঠলেন গ্রামবাসীরা

লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ ধসের সাক্ষী থাকল আসানসোলের বারাবনি বিধানসভা এলাকা। মদনমোহনপুর গ্রামের ঘনবসতিপূর্ণ অঞ্চলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটি গুরুত্বপূর্ণ রাস্তার বিরাট অংশ হঠাৎই বসে গিয়ে তৈরি হয়েছে বিশাল খাদের। এই বিপর্যয়ের ফলে বারাবনির ভানোড়া থেকে নুনী মোড় পর্যন্ত সরাসরি যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গভীর রাতে বিকট শব্দে ধস: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে যখন সবাই ঘুমে মগ্ন, ঠিক তখনই বিকট শব্দে রাস্তার প্রায় ৭০ থেকে ৮০ ফুট অংশ ধসে খাদের রূপ নেয়। মুহূর্তের মধ্যে খবর পৌঁছায় থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বারাবনি থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের গভীর ঘুম থেকে ডেকে তুলে সতর্ক করে। ধসে যাওয়া রাস্তার মাত্র ১০ ফুট দূরেই রয়েছে একাধিক মানুষের বাড়িঘর। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপদের আশঙ্কায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
তদন্ত ও ক্ষোভ: প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খনিগর্ভের ধস নয়, বরং পাশের একটি পুকুরের অতি বৃষ্টির কারণে বাঁধ বা গার্ডওয়াল ধসে যাওয়াই এই বিপত্তির কারণ। তবে সরকারি প্রকল্পের তৈরি রাস্তা এমনভাবে বসে যাওয়ায় কাজের গুণমান নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ধসকবলিত অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে এবং ব্লক অফিস থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত রাস্তা মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে প্রশাসন।