প্রধামন্ত্রীর ভিডিওতেই ভাইরাল সাফল্যের গল্প! ইউটিউব দেখে চাষ করেই তাক লাগিয়ে দিলেন ভারতীয় কৃষক

একসময়ে ভারতের বাজারে যা ছিল একেবারে অপরিচিত এবং নামমাত্র পাওয়া যাওয়া এক বিদেশি ফল, আজ তা হয়ে উঠেছে দেশের তরুণ প্রজন্ম বা জেন জি (Gen Z)-এর অত্যন্ত পছন্দের ব্রেকফাস্ট। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে ‘অ্যাভোকাডো টোস্ট’ এবং এর চাষ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর ভিডিওতে তুলে ধরেছেন কীভাবে ভারতের বিভিন্ন প্রান্তে এই ফলের জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে উঠছে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের এক কৃষকের গল্প শেয়ার করে তিনি দেখিয়েছেন যে, ইউটিউবের সাহায্য নিয়ে কীভাবে চাষ করে আজ সফল হয়েছেন ওই কৃষক। বর্তমানে তিনি প্রতি বছর প্রায় চার টন অ্যাভোকাডো উৎপাদন করে স্থানীয় বাজারে সাপ্লাই দিচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যসচেতন মানুষের ডায়েটে ‘আনস্যাচুরেটেড ফ্যাট’ এবং ফাইবারের চাহিদার কারণে অ্যাভোকাডোর কদর দিন দিন বাড়ছে। ক্যাফের মেনু থেকে শুরু করে সুন্দর প্লেটিং ও সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড—সব মিলিয়ে শহুরে সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে এই ফল। ক্যালিফোর্নিয়ার আবহাওয়াকে হার মানিয়ে ভারতের মাটিতেও এখন বাণিজ্যিকভাবে এই ফলের চাষ সফল হচ্ছে, যা আগামী দিনে দেশের কৃষি অর্থনীতিতেও এক নতুন বিপ্লব আনতে চলেছে।