বলিউডে বিরাট ধামাকা! সায়েন্স-ফিকশন থ্রিলার ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে রুক্মিণীকে?

টলিউডের সীমানা ছাড়িয়ে এবার সরাসরি বলিউডের মেগাস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ‘সনক’ সিনেমার পর বিটাউনে আত্মপ্রকাশ করা রুক্মিণী এবার পেতে চলেছেন তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই বং তনয়া।

জানা গিয়েছে, পরিচালক কনিষ্ক বর্মার পরিচালনায় ‘সামুক’ (Samuk) নামক একটি হাই-বাজেট হিন্দি সায়েন্স-ফিকশন এলিয়েন সারভাইভাল-অ্যাকশন থ্রিলার ছবিতে দেখা যাবে রুক্মিণীকে। যদিও এই বিষয়ে অভিনেত্রীর তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি, তবে বলিপাড়ার অন্দরে এই খবর ইতিমধ্যেই জল্পনা সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক মানের এই প্রজেক্টে হলিউডের একাধিক বিখ্যাত কলাকুশলী যুক্ত রয়েছেন। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবির আর্ট ডিরেক্টর থেকে শুরু করে ‘এলিয়েন’ ফ্র্যাঞ্চাইজির মেকআপ ও ক্রিয়েচার ডিজাইনার—সব মিলিয়ে এক বিশাল পরিসরে তৈরি হচ্ছে এই সিনেমা। ইতিমধ্যেই ব্রিটেনে ছবিটির শুটিং শুরু হয়ে গিয়েছে। প্যান-ইন্ডিয়ান এই থিয়েট্রিক্যাল মুভিতে অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণীর অভিনয় যে তাঁর ফিল্মি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *