ঝুঁকি অনুযায়ী এবার নিজের মতো বাছুন স্কিম! এনপিএসের নতুন নিয়মে বদলাচ্ছে বহু পুরনো পদ্ধতি

দেশের কোটি কোটি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আনল পেনশন ফান্ড রেগুলেটরি ও ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)। ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস (NPS)-এর নিয়মে এক বড়সড় পরিবর্তন আনা হয়েছে। মিউচুয়াল ফান্ডের কাঠামোর আদলে এই পেনশন সিস্টেমকে আরও আধুনিক ও স্বচ্ছ করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে বিনিয়োগকারীরা এখন তাঁদের ঝুঁকি ও পারফরম্যান্স অনুযায়ী আরও সহজে সঠিক স্কিম বেছে নিতে পারবেন।
কী পরিবর্তন আনা হয়েছে নিয়মে? সম্প্রতি পিএফআরডিএ-র প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, সমস্ত পেনশন ফান্ডকে তাদের ‘মাল্টিপল স্কিম ফ্রেমওয়ার্ক’ আগামী ৩০ দিনের মধ্যে রিনেম বা নতুন নামকরণ করতে হবে। একই সঙ্গে সমস্ত ইক্যুইটি ক্যাটেগরি স্কিমাকে একটি নির্দিষ্ট ও একক কাঠামোর আওতায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো ফান্ড হাউজের একই ক্যাটেগরিতে দুটির বেশি স্কিম থাকে, তবে তা আগামী ৪৫ দিনের মধ্যে মার্জ বা পুনর্বিন্যাস করতে হবে।
এই নতুন ব্যবস্থার ফলে পুরো সিস্টেমটি অনেকটা মিউচুয়াল ফান্ডের মতো কাজ করবে। ফলে বিনিয়োগকারীরা সরাসরি বুঝতে পারবেন তাঁদের টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে এবং তাতে ঝুঁকি ও রিটার্নের সম্ভাবনা কেমন রয়েছে।
নতুন ৫টি ক্যাটেগরি ও অন্যান্য বদল: পেনশন সিস্টেমে ইক্যুইটি বরাদ্দের ওপর ভিত্তি করে মানসম্মত একটি ক্লাসিফিকেশন সিস্টেম আনা হয়েছে, যেখানে মূলত ৫টি প্রধান ক্যাটেগরি থাকছে:
-
বয়সের ওপর ভিত্তি করে স্কিম: যেখানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইক্যুইটি ও ঋণ ফান্ডের বরাদ্দ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে থাকে।
-
অ্যাক্টিভ চয়েস: যেখানে বিনিয়োগকারী নিজেই ইক্যুইটি, কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট সিকিউরিটিতে টাকা বিনিয়োগের অনুপাত ঠিক করতে পারেন।
-
NPS সঞ্চয়: অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য আগে থেকেই বিনিয়োগের ধরণ ঠিক করে রাখার সুযোগ।
-
মাল্টিপল স্কিম ফ্রেমওয়ার্ক: যেখানে কাস্টমাইজড স্কিমের পাশাপাশি ইক্যুইটি বিনিয়োগের ভিত্তিতে A থেকে E পর্যন্ত ৫টি সুনির্দিষ্ট ক্যাটেগরি তৈরি করা হয়েছে। পাশাপাশি ‘এনপিএস বাৎসল্য’ ও ‘এনপিএস এমএসএমই’-র মতো বিশেষ স্কিমগুলিও এর অন্তর্ভুক্ত থাকবে।
পিএফআরডিএ-র এই কঠোর সময়সীমার কারণে চলতি সেপ্টেম্বর মাসের শেষ নাগাদই সমস্ত বিনিয়োগকারী তাঁদের পোর্টাল বা অফিসিয়াল অ্যাপে এই পরিবর্তনগুলি দেখতে পাবেন। পুরানো স্কিমগুলির নাম বদলে গেলেও গ্রাহকদের জমা করা অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে বলে জানানো হয়েছে। এই নতুন নিয়মের ফলে বিভিন্ন তহবিলের মধ্যে তুলনা করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া বিনিয়োগকারীদের জন্য অনেক সহজ হবে।