গ্যাস, দুধ থেকে গাড়ি—আজ থেকেই হু হু করে বাড়ল কোন কোন জিনিসের দাম?

সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই দেশজুড়ে একাধিক আর্থিক পরিবর্তন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ ও গৃহস্থালির বাজেটের ওপর। গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে গাড়ি—আজ থেকে বদলে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম।
সিএনজি ও পিএনজি গ্যাসের দাম বৃদ্ধি
মাসের শুরুতেই মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে গ্যাসের দাম বাড়িয়েছে মহানগর গ্যাস লিমিটেড (MGL)। প্রতি কেজি সিএনজির দাম ২ টাকা বাড়ানো হয়েছে, ফলে এর নতুন দাম দাঁড়িয়েছে প্রতি কেজি ৮৮ টাকা। পাশাপাশি, পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজির দাম প্রতি এসসিএম-এ ১ টাকা বাড়িয়ে ৫৩ টাকা করা হয়েছে। বিশ্ববাজারে গ্যাসের দাম বৃদ্ধির ফলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থাটি।
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯.৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, বাড়ির রান্নাঘরে ব্যবহৃত ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে। আজ থেকে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা এবং কলকাতায় এই দাম বেড়ে দাঁড়িয়েছে ২,৯৮২ টাকা।
গাড়ি কেনা আরও ব্যয়বহুল
সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই গাড়ি কেনার পরিকল্পনা করা ক্রেতারা বড় ধাক্কা খেয়েছেন। টাটা মোটরস তাদের সমস্ত প্যাসেঞ্জার ভেহিকল ও এসইউভি-র দাম ২৫, পর্যন্ত বাড়িয়েছে। পাশাপাশি, হুন্ডাই মোটর ইন্ডিয়াও এই বছর তৃতীয়বারের মতো তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা কার্যকর করেছে।
দুধের দাম বৃদ্ধি
মুম্বইবাসীর জন্য সেপ্টেম্বরের শুরুতেই দুধ কেনা আরও মহার্ঘ হয়ে উঠেছে। তবে প্যাকেটজাত দুধ নয়, খোলা দুধের দাম প্রতি লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছে। পশুখাদ্যের খরচ ও অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে ১ সেপ্টেম্বর থেকে এই দুধ প্রতি লিটার ১০২ টাকায় বিক্রি হচ্ছে।
বিদেশ যাত্রায় ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ
যাত্রীদের সুবিধার্থে ১ সেপ্টেম্বর থেকে বিমান যাত্রার নিয়মে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ভারত থেকে বিদেশে ভ্রমণকারী যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টারে বোর্ডিং পাসে স্ট্যাম্প লাগানোর আর কোনো প্রয়োজন নেই। পরিবর্তে, মোবাইল ফোনের ইলেকট্রনিক বোর্ডিং পাস বা প্রিন্ট করা কপি দেখিয়েই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।