প্রতিযোগি নন, সোজা হোস্ট! বিগ বস বাংলার মঞ্চে নেমেই কোন বড় সিক্রেট ফাঁস করলেন ‘দাদা’?

আসন্ন ‘বিগ বস বাংলা’-র গ্র্যান্ড ওপেনিংয়ের আগে নিউজ১৮ বাংলার মুখোমুখি হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স অফ ক্যালকাটা’ তথা মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়। টেলিভিশনের এই নতুন ইনিংস, অন্দরের গসিপ এবং সঞ্চালনা নিয়ে একান্ত সাক্ষাৎকারে খোলামেলা মেজাজে ধরা দিলেন তিনি। শোয়ের মঞ্চে পা রাখার আগে সৌরভের সাবলীল উত্তরগুলো নজর কেড়েছে সকলের।

প্রতিযোগি হলে কী করতেন? সাক্ষাৎকারের শুরুতেই যখন সৌরভের কাছে জানতে চাওয়া হয় যে, বিগ বসের ঘরে প্রতিযোগি হিসেবে ঢুকলে জীবনের কোন না কোন না জানা সত্যি তিনি সকলের সামনে আনতেন? তখন স্বভাবসুলভ হাসিমুখে বাউন্সার সামলে দাদা বলেন, ‘‘ওর জন্যই তো প্রতিযোগি হইনি। নিজেকে হোস্টে কনভার্ট করেছি, প্রতিযোগি নয়। যার সবকিছু বলার দরকার পড়ে না। হোস্ট হচ্ছে সবকিছু বলানোর লোক, ওটা অনেক সহজ।’’

কাকে ছাড়া থাকা অসম্ভব? শোয়ে তো মোবাইল, ঘড়ি ব্যবহারের অনুমতি থাকে না—তাহলে সৌরভ কি পারবেন? এই প্রসঙ্গে মহারাজের স্পষ্ট জবাব, মোবাইল বা ঘড়ি ছাড়া তিনি থাকতে পারবেন, কিন্তু মেয়ে সানা ছাড়া তাঁর পক্ষে ১০০ দিন কাটানো সম্পূর্ণ অসম্ভব। সানাকে ছাড়া থাকা তাঁর কাছে কল্পনাই করা যায় না। সৌরভের এই উত্তর মুহূর্তেই সকলের মন জিতে নিয়েছে।

সঞ্চালক হিসেবে ঘরের প্রেম, ঝগড়া ও গসিপ সামলানোর প্রসঙ্গে তিনি জানান, ক্রিকেটারদের জীবনেও সমালোচনা, বিতর্ক ও চর্চা নতুন কিছু নয়। তাই এই শো সামলানো তাঁর কাছে কঠিন কিছু হবে না। অন্যদিকে, শোনা যাচ্ছে বিগ বসের এই জমজমাট গ্র্যান্ড ওপেনিংয়ে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকতে পারেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং এবং ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তবে চ্যানেল বা নির্মাতাদের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এখন দেখার, দাদাগিরির পর বিগ বসের মঞ্চে সৌরভের এই নতুন রূপ দর্শক কতটা উপভোগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *