‘শচীন-লারার উচ্চতায় পৌঁছতে পারে এই তরুণ!’ হ্যারি ব্রুককে নিয়ে জিওফ্রে বয়কটের বিস্ফোরক ও বিরাট মন্তব্য

ইংল্যান্ডের মারকাটারি ব্যাটার হ্যারি ব্রুকের (Harry Brook) মধ্যে এমন এক বিরল প্রতিভা রয়েছে, যা তাঁকে ভবিষ্যতে সর্বকালের সেরা ব্যাটার শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) ও ব্রায়ান লারার (Brian Lara) সমকক্ষ করে তুলতে পারে। তবে টেস্ট ক্রিকেটে নিজের মানসিকতা এবং ব্যাটিংয়ের ধরন বদলাতে না পারলে সেই সম্ভাবনা পূরণ করা কঠিন হবে বলেই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার স্যার জিওফ্রে বয়কট (Geoffrey Boycott)।
ব্রুকের প্রতিভায় মুগ্ধ বয়কট:
সম্প্রতি এক পডকাস্টে কথা বলতে গিয়ে বয়কট জানান, ব্রুকের মতো এমন প্রতিভাবান খেলোয়াড় দীর্ঘ সময়ে খুব কমই দেখেছেন। ব্রুকের টাইমিং, শট খেলার ক্ষমতা এবং বড় রিচ—সবকিছুই তাঁকে অন্য স্তরে নিয়ে যেতে পারে। তবে তিনি এও জানান যে, ব্রুকের সঙ্গে কথা বলার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তরুণ ওই ব্যাটারের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। বর্তমান বিশ্বে টেস্টের এক নম্বর ব্যাটার হওয়া সত্ত্বেও গত এক বছরের বেশি সময় ধরে টেস্টে বড় সেঞ্চুরি না পাওয়ায় ব্রুকের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বয়কট।
টেস্টে সীমিত ওভারের আগ্রাসন:
হ্যারি ব্রুকের শট নির্বাচনের কড়া সমালোচনা করে বয়কট স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্টেও প্রথম বল থেকেই আক্রমণাত্মক হওয়ার মানসিকতাই তাঁর পতন ডেকে আনছে। বল ছেড়ে দেওয়ার ধৈর্য না দেখিয়ে এভাবে খেলতে থাকলে মিড-অফ বা মিড-অনে ক্যাচ দিয়ে বারবার আউট হতে হবে তাঁকে। বয়কটের মতে, ব্রুক ইতিমধ্যেই একজন স্পেশাল ব্যাটার, কিন্তু বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরাদের ব্র্যাকেটে নাম লেখাতে হলে তাঁকে পরিস্থিতি বুঝে ব্যাটিং করার ধৈর্য ও একাগ্রতা বাড়াতেই হবে।