জীবিকার লড়াইয়েও মরেনি স্বপ্ন! আইসক্রিমের গাড়িকে মঞ্চ বানিয়ে গান গেয়ে ভাইরাল এই তরুণ

অভাব কিংবা প্রতিকূল পরিস্থিতি যে স্বপ্নকে আটকাতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন শিলিগুড়ির ২৫ বছরের তরুণ কৃষ্ণ রায়। একদিকে পেটের টানে আইসক্রিম বিক্রি, অন্যদিকে সুরের প্রতি অকৃত্রিম ভালোবাসা—এই দুইয়ের মেলবন্ধনে শিলিগুড়ির রাজপথে এক অন্যরকম জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। ময়নাগুড়ির সাধারণ পরিবারের এই তরুণ আর্থিক অনটনের জেরে অষ্টম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে জীবনের কঠিন বাস্তবও তাঁর গান গাওয়ার নেশাকে স্তব্ধ করতে পারেনি।
পরিবারের পাশে দাঁড়াতে শিলিগুড়ির একটি আইসক্রিম কারখানায় কাজ নেন কৃষ্ণ। কিন্তু মনের কোণে জমে থাকা গান গাওয়ার সুপ্ত বাসনা তিনি লুকিয়ে রাখতে পারেননি। একদিন কারখানার মালিককে নিজের ইচ্ছের কথা জানাতেই তাঁর পাশে এসে দাঁড়ান মালিক। হাতে তুলে দেন একটি সাউন্ড বক্স ও মাইক। ব্যাস, তারপর থেকেই আইসক্রিম বিক্রির ঠেলাগাড়িটিই হয়ে উঠেছে তাঁর স্বপ্নপূরণের ছোট্ট মঞ্চ।
শিলিগুড়ির বিভিন্ন রাস্তায় যখন আইসক্রিম বিক্রি করতে করতে মাইকে গান ধরেন কৃষ্ণ, তখন পথচলতি মানুষ ও ক্রেতারা থমকে দাঁড়িয়ে তাঁর গান শোনেন। অভাবের কাছে হার না মেনে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার এই তরুণের লড়াই আজ অনুপ্রেরণা জোগাচ্ছে হাজারো মানুষকে।