“তাঁবুতে ড্রেসিংরুম, শৌচালয় ৫০০ মিটার দূরে!” এশিয়ান গেমসের বেহাল দশা দেখে কোন চরম সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই?

জাপানের আইচি-নাগোয়ায় আসন্ন এশিয়ান গেমসের পরিকাঠামো ও সুযোগ-সুবিধার চরম অভাব নিয়ে এবার বড়সড় ক্ষোভ প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। আন্তর্জাতিক মানের তো বটেই, খেলোয়াড়দের উপযুক্ত ন্যূনতম সুবিধাটুকুও দিতে ব্যর্থ আয়োজকরা। পরিস্থিতি যদি দ্রুত উন্নত না হয়, তবে টুর্নামেন্টে দেশের মূল দলের পরিবর্তে ‘বি’ বা দ্বিতীয় সারির দল পাঠানোর মতো কঠোর সিদ্ধান্তও নিতে পারে বিসিসিআই।
কী ধরণের অব্যবস্থা রয়েছে জাপানে? সংবাদমাধ্যম সূত্রে খবর, এশিয়ান গেমসে খেলোয়াড়দের জন্য যে বন্দোবস্ত করা হয়েছে তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের জন্য তৈরি ড্রেসিংরুমটি কোনো পাকা ঘর নয়, বরং একটি তাঁবুর ভেতরে তা তৈরি করা হয়েছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, সেই ড্রেসিংরুম থেকে শৌচালয়ের দূরত্ব প্রায় ৫০০ মিটার দূরে! এছাড়া ক্রিকেটারদের থাকার জন্য বরাদ্দ হোটেলের রুমগুলিও অত্যন্ত ছোট ও অস্বস্তিকর। এহেন শোচনীয় পরিকাঠামোর কথা ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর বৈঠকে জাপান অলিম্পিক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিসিসিআইয়ের পরবর্তী পদক্ষেপ: পরিস্থিতির গুরুত্ব বুঝে পুরো বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে জাপানে একজন বিশেষ পর্যবেক্ষক পাঠাচ্ছে বিসিসিআই। ওই পর্যবেক্ষকের পাঠানো রিপোর্টের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পরিকাঠামো খেলোয়াড়দের উপযোগী না ঠেকে, তবে শ্রেয়স আইয়ার, বৈভব সূর্যবংশী কিংবা যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংদের মতো তারকাখচিত মূল দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল হতে পারে। উল্লেখ্য, এর আগে চিনের হাংঝৌতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। তবে এবারের জাপানের আয়োজন ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে ভারতীয় ক্রিকেটের অন্দরে এখন চরম শোরগোল পড়ে গেছে।