“কলকাতায় আসছে ব্রাজিল! যুবভারতীতে সাম্বাঝড়ের টিকিট কবে মিলবে আর দামই বা কত?” জানলে চোখ কপালে উঠবে

ফুটবলপ্রেমী বাঙালির জন্য অপেক্ষা ফুরোনোর পালা। কার্যত ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে তিলোত্তমা কলকাতা। কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রাখতে চলেছে ফুটবলের পরাশক্তি ব্রাজিল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে ভারতীয় দল। কিন্তু এই মেগা ম্যাচের টিকিট কবে থেকে পাওয়া যাবে এবং দামই বা কত হবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদ এখন চড়ছে তুঙ্গে।
কোথায় এবং কীভাবে মিলবে টিকিট? খবর অনুযায়ী, দর্শকরা অনলাইনে জোম্যাটো-ডিসট্রিক্ট (Zomato-District) অ্যাপ এবং তাদের ওয়েবসাইটের মাধ্যমেই এই ম্যাচের টিকিট কাটতে পারবেন। ইতিমধ্যেই ওই অ্যাপে ভারত-ব্রাজিল ম্যাচের জন্য একটি আলাদা উইন্ডো তৈরি করা হয়েছে। এমনকি টিকিট বিক্রি শুরু হওয়ার আগেই যাতে ফুটবলপ্রেমীরা নোটিফিকেশন পেয়ে যান, তার জন্য ‘Notify Me’ অপশনও চালু করে দেওয়া হয়েছে।
টিকিটের সম্ভাব্য দাম কত? সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও টিকিটের দামের বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা না হলেও, সূত্রের খবর অনুযায়ী সর্বনিম্ন টিকিটের দাম ১০০০ টাকার আশপাশে থাকতে পারে। এছাড়া সাধারণ ক্যাটাগরির টিকিট ২০০০ থেকে ২৫০০ টাকা এবং ৫০০০ টাকার স্ল্যাবেও পাওয়া যেতে পারে। তবে ভিআইপি বা ভিভিআইপি বক্সের টিকিটের দাম ২২,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে জল্পনা চলছে। ফেডারেশনের আনুষ্ঠানিক বৈঠকের পরেই টিকিটের সঠিক দাম ও তারিখ প্রকাশ্যে আসবে।
পুজোর আগে ডবল ধামাকা: চলতি বছর অক্টোবর মাসের প্রথম দিকেই আয়োজিত হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ। ঠিক তার সাত দিন পরেই মহালয়া এবং দুর্গাপুজো। বাঙালির প্রাণের উৎসবের ঠিক আগে বিশ্বমানের ফুটবল ম্যাচ শহরবাসীকে এক অন্যরকম আনন্দ উপহার দেবে। শুধু তাই নয়, আগামী ৬ অক্টোবর কলকাতার মাটিতেই উরুগুয়ের বিরুদ্ধে আরও একটি ঐতিহাসিক ম্যাচে নামবে ভারত। সবমিলিয়ে, পুজোর মরসুমের ঠিক আগে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য জমজমাট এক উৎসবের আবহ তৈরি হতে চলেছে।