‘আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করতে পারব না!’ মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ এ কী ঘোষণা স্বস্তিকার?

দীর্ঘ প্রায় ১০ বছর ধরে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর সফল সঞ্চালনা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক পালাবদলের পর পাকাপাকিভাবে এই জনপ্রিয় মঞ্চের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁকে সঞ্চালকের ভূমিকায় দেখার পর থেকেই শুরু হয়েছিল নানা জল্পনা-কল্পনা ও রচনার সঙ্গে তুলনা। কেউ কেউ শোয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেও, স্বস্তিকা নিজের সাবলীল ভঙ্গিতেই দর্শকদের মন জয় করে চলেছেন।

কিন্তু সম্প্রতি এই জনপ্রিয় শোয়ের একটি নতুন প্রোমো সামনে আসতেই শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। চ্যানেলের তরফে প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, শোয়ের মঞ্চে দাঁড়িয়ে স্বস্তিকা হঠাৎই বলে উঠছেন, ‘আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করতে পারব না।’ এই একটিমাত্র বাক্য সামনে আসতেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগে—তবে কি এত দ্রুত এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন স্বস্তিকা?

আসলে পুরো বিষয়টি একটি বিশেষ প্রসঙ্গের টানেই বলেছেন অভিনেত্রী। ওই এপিসোডে এক প্রতিযোগী এসে জানান, তোতলানোর সমস্যা থাকার কারণে অতীতে তাঁকে বহু মানুষের কটূক্তির শিকার হতে হয়েছিল। কিন্তু সেই সমস্ত নেতিবাচক কথাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি আজ নিজের জায়গায় প্রতিষ্ঠিত। প্রতিযোগীর এই আত্মবিশ্বাসী লড়াইয়ের কথা শুনেই আবেগপ্রবণ হয়ে পড়েন স্বস্তিকা।

নিন্দুকদের জবাব দিয়ে স্বস্তিকা স্পষ্ট ভাষায় জানান, তাঁকে নিয়েও কম কথা হয়নি। অনেকেই শুরুতে দাবি করেছিলেন যে তিনি এই জনপ্রিয় শো সামলাতে পারবেন না এবং তাঁর দ্বারা এটা সম্ভব নয়। কিন্তু সমালোচকদের মুখে ছাই দিয়ে তিনি আজ শুধু সঞ্চালনা সফলভাবে চালিয়েই যাচ্ছেন না, বরং নিজের সেরাটা দিয়ে আসর মাতাচ্ছেন। প্রতিযোগীকে উৎসাহ জুগিয়ে স্বস্তিকা আরও বলেন, সমালোচকদের কথায় কান না দিয়ে সকলেরই নিজের নিজের জায়গা থেকে দুর্দান্ত পারফর্ম করা উচিত। সুতরাং, শো ছাড়ার কোনো গুঞ্জন বা জল্পনা সত্যি নয়, বরং সমালোচকদের কঠোর ভাষায় জবাব দিয়েই ফের একবার নিজের শক্ত অবস্থানের জানান দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *