হাওড়ার পর এবার আদি গঙ্গার তলদেশ দিয়ে ছুটবে মেট্রো! কলকাতার কোন রুটে হতে চলেছে এই মেগা যাতায়াত?

গঙ্গার নিচ দিয়ে আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা চালুর ইতিহাস তৈরি হওয়ার পর এবার খাস কলকাতায় আরও এক বড় চমক আসতে চলেছে। গঙ্গার পর এবার আদি গঙ্গার তলদেশ দিয়ে ছুটবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। জোকা থেকে এসপ্ল্যানেড রুটে (Joka-Esplanade) এই বিশেষ পরিষেবা চালু হলে শহরের যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হবে। ইতিমধ্যেই মাটির গভীর সুড়ঙ্গ তৈরির কাজ অনেকটাই এগিয়েছে, যা নিয়ে কৌতূহল তুঙ্গে ভোজনরসিক থেকে শুরু করে নিত্যযাত্রীদের মধ্যে।

কীভাবে আদি গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো?
২০২৯ সালের মধ্যে জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের কাজ পুরোপুরি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই রুটের মোমিনপুর থেকে মেট্রো পথ মাটির নিচে প্রবেশ করে আদি গঙ্গার তলা দিয়ে সোজা নয়া পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে পৌঁছবে। মাটি থেকে প্রায় ১৮ মিটার নিচে মূল সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছে। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন পর্যন্ত প্রায় ১.৭ কিমি অংশ খননের কাজ ইতিমধ্যেই সফলভাবে শেষ করেছে ‘দিব্যা’ এবং ‘দুর্গা’ নামের দুটি শক্তিশালী টানেল বোরিং মেশিন (TBM)।

সুরক্ষায় বিশেষ কড়াকড়ি ও সুড়ঙ্গের নকশা
রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) এবং লারসেন অ্যান্ড টুব্রো (L&T)-র তত্ত্বাবধানে এই মেগা প্রকল্প রূপায়িত হচ্ছে। প্রস্তাবিত ভিক্টোরিয়া স্টেশন থেকে পার্ক স্ট্রিট স্টেশন পর্যন্ত প্রায় ৯০০ মিটার অংশে এবার সুড়ঙ্গ খননের কাজ শুরু হবে। আদি গঙ্গার নিচের অংশটি পার করার সময় বাড়তি সুরক্ষাবিধি এবং সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আদি গঙ্গা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ২৮ মিটার চওড়া। সেই অংশের সুড়ঙ্গের নিরাপত্তায় সাধারণ পদ্ধতির চেয়ে সম্পূর্ণ আলাদা ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সুড়ঙ্গের ভিতরে প্রায় ৬ মিটারের প্রিকাস্ট কংক্রিটের রিং তৈরি করা হয়েছে, যার মধ্যে আদি গঙ্গার ক্ষেত্রে ১.৪ মিটারের এক-একটি সেগমেন্ট বা প্রিকাস্ট কংক্রিট স্ল্যাব বসানো হয়েছে। সব মিলিয়ে ২০টি বিশেষ সেগমেন্ট দিয়ে এই অংশ সুরক্ষিত করা হচ্ছে।

জমি জট কাটিয়ে দ্রুত গতিতে কাজ
বিগত দিনে জমি সংক্রান্ত বিভিন্ন আইনি জটিলতায় এই প্রকল্পের কাজ বছরের পর বছর আটকে ছিল। তবে সবুজ সংকেত মিলতেই এখন কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে প্রস্তাবিত নয়া এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরির ক্ষেত্রে ময়দান মার্কেট সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছিল, কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে তারও সুরাহা হয়েছে। ফলে সমস্ত বাধা কাটিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই জোকা-এসপ্ল্যানেড মেগা মেট্রো প্রকল্প সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *