বিনা টিকিটে ভ্রমণ করে আর রক্ষা নেই! উত্তর-পূর্ব সীমান্ত রেলে এক মাসেই ধরা পড়ল প্রায় ৭৭ হাজার যাত্রী

টিকিটবিহীন ও অনিয়মিত টিকিট নিয়ে ট্রেনে যাতায়াত বন্ধ করতে জুলাই মাসজুড়ে বিশেষ অভিযান চালাল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। ২০২৬ সালের জুলাই মাসে রেলের বিভিন্ন স্টেশন ও ট্রেনে ব্যাপক টিকিট পরীক্ষা চালিয়ে মোট ৭৬,৯৮৯ জন যাত্রীকে টিকিটবিহীন বা অনিয়মিত টিকিট নিয়ে ভ্রমণ করতে ধরা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই অভিযানের মাধ্যমে জরিমানা ও অতিরিক্ত মাশুল বাবদ মোট ১০.৯৫ কোটি টাকা আদায় করা হয়েছে। প্রকৃত যাত্রীরা যাতে স্বচ্ছ ও আরামদায়ক পরিবেশে ট্রেনে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে।
টিকিট ছাড়া যাত্রায় ধরা ৫৫ হাজারের বেশি
জুলাই মাসে ধরা পড়া মোট যাত্রীর মধ্যে ৫৫,৯৮৮ জন বৈধ টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করছিলেন। তাঁদের কাছ থেকে ভাড়া ও অতিরিক্ত মাশুল বাবদ মোট ৮.৯৭ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে, ২১,০০১ জন যাত্রী অনিয়মিত টিকিট নিয়ে যাতায়াত করতে গিয়ে ধরা পড়েছেন। তাঁদের কাছ থেকে মোট ১.৯৮ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও জরিমানার আওতায় থাকা অন্যান্য অনিয়ম থেকে জুলাই মাসে আরও ৬৭.৮৯ লক্ষ টাকা আদায় করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। লাগেজ সংক্রান্ত নিয়ম ভাঙার ঘটনায় ১.৩৮ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।
জুলাইয়ে ৩১৩টি বিশেষ টিকিট পরীক্ষা অভিযান
রেল সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে গোটা জোনজুড়ে মোট ৩১৩টি বিশেষ টিকিট-চেকিং অভিযান চালানো হয়। এই সময় টিকিট পরীক্ষক কর্মীরা মোট ২,৩৪৪টি ট্রেনে পরীক্ষা চালান। রেলের দাবি, নিয়মিত ও আকস্মিক এই ধরনের অভিযান যাত্রীদের মধ্যে বৈধ টিকিট নিয়ে ভ্রমণের বিষয়ে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। একইসঙ্গে রেলের রাজস্ব আদায়ও সুনিশ্চিত হচ্ছে।
এপ্রিল থেকে জুলাইয়ে জরিমানা ৫০ কোটির বেশি
শুধু জুলাই নয়, ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে জুলাই পর্যন্তও টিকিট পরীক্ষায় বড় সাফল্য পেয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। এই চার মাসে টিকিটবিহীন এবং অনিয়মিত টিকিট নিয়ে ভ্রমণের মোট ৪,১৪,৭৯৬টি ঘটনা ধরা পড়েছে। এর ফলে ভাড়া ও অতিরিক্ত মাশুল বাবদ মোট ৫০.৫৭ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। রেলের কমার্শিয়াল ডিপার্টমেন্ট, টিকিট পরীক্ষক এবং ফিল্ড পর্যায়ের কর্মীদের নিয়মিত অভিযান ও আকস্মিক পরিদর্শনের ফলেই এই সাফল্য এসেছে বলে জানানো হয়েছে।
যাত্রীদের কাছে রেলের আবেদন
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের বৈধ টিকিট নিয়েই ট্রেনে ভ্রমণ করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, প্রয়োজনীয় পরিচয়পত্র ও অন্যান্য ভ্রমণ নথি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। রেলের নিয়ম মেনে অতিরিক্ত লাগেজ বুক করার জন্যও যাত্রীদের অনুরোধ করা হয়েছে। রেলের বক্তব্য, যাত্রীদের সহযোগিতা থাকলে টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি রেলের আর্থিক স্থায়িত্ব এবং সকলের জন্য নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।