বাড়ি তৈরির চুক্তি করে বিরাট প্রতারণা! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সোজা থানার দ্বারস্থ মহিলা!

চুক্তির সাড়ে ১০ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি! কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে শ্যামপুকুর থানায় মামলা
বাড়ি নির্মাণের চুক্তিকে কেন্দ্র করে জালিয়াতি এবং ভয়ঙ্কর কায়দায় হুমকি দেওয়ার অভিযোগে আইনি বিপাকে পড়লেন কলকাতা পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি ঘোষ এবং তাঁর সহযোগী দেবব্রত আকুলি। এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে শ্যামপুকুর থানার পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
কী অভিযোগ মহিলার? পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৫ অগস্ট) এলাকার এক মহিলা শ্যামপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ২০২০ সালের অগস্ট মাসের পর থেকে বাপি ঘোষ ও দেবব্রত আকুলি পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে নানাভাবে চাপ ও ভয় দেখিয়ে একটি সমঝোতাপত্র (MOU) এবং পাওয়ার অফ অ্যাটর্নি (POA)-তে সই করাতে বাধ্য করেন। শ্যামপুকুর থানা এলাকার ৫ গোপীমোহন দত্ত লেনের একটি বাড়িতে নির্মাণকাজের জন্য ওই চুক্তি হয়েছিল।
চুক্তির শর্ত অনুযায়ী, ওই জমির বিনিময়ে অভিযোগকারীর পরিবারকে একটি ফ্ল্যাট, একটি দোকানঘর এবং নগদ ১০.৫ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। ফ্ল্যাট ও দোকান দেওয়া হলেও চুক্তি অনুযায়ী ওই সাড়ে দশ লক্ষ টাকা তাঁদের দেওয়া হয়নি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে বকেয়া টাকা পাওয়ার চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি।
টাকা চাইতে গিয়ে উল্টে হুমকি: অভিযোগকারিণীর দাবি, তিনি ও তাঁর ছেলে অভিযুক্তদের কাছে বকেয়া টাকা এবং চুক্তির বিষয় নিয়ে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, এর পরিণতি অত্যন্ত ভয়ানক হবে। এরপরই নিরাপত্তার অভাব বোধ করে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। পুলিশ প্রাথমিক অনুসন্ধান ও সাব-ইন্সপেক্টর সি বিশ্বাসের রিপোর্টের ভিত্তিতে ২৬ অগস্ট আনুষ্ঠানিকভাবে মামলা রুজু করে। বর্তমানে চুক্তিপত্র, এমওইউ, পিওএ এবং আর্থিক লেনদেনের সমস্ত নথি খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে পুলিশ।