নেটওয়ার্ক নেই, চারদিকে শুধু ধ্বংসলীলা! নেপালে আটকে পড়া পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতেই চরম উদ্বেগ!

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে নেপালে আটকে পড়লেন আরামবাগের ৬৫ জন পর্যটক! চরম উৎকণ্ঠায় পরিবার
প্রলয়ংকরী হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। এই ভয়ংকর পরিস্থিতির মধ্যেই দেশটিতে গিয়ে চরম বিপদের মুখে পড়েছেন আরামবাগের ৬৫ জন পর্যটক। সূত্রের খবর, তাঁরা যে বাসে ভ্রমণ করছিলেন, সেটি বর্তমানে নেপালের মূল বিপর্যয়স্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ‘চেতনপার্ক’ এলাকায় আটকে রয়েছে। চারপাশের ভয়াবহ পরিস্থিতিতে পর্যটকদের এই দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে তাঁদের আত্মীয়-স্বজনদের মনে।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বাড়ছে দুশ্চিন্তা: স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় মারাত্মক নেটওয়ার্ক সমস্যার কারণে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে না। যদিও বুধবার সন্ধ্যায় একবার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল, তবুও কাটেনি দুশ্চিন্তার মেঘ। কখন তাঁরা নিরাপদে ঘরের মাটিতে ফিরে আসবেন, সেই পথ চেয়েই এখন দিন গুনছেন পরিবারের সদস্যরা ও বাস মালিক। রাজ্য সরকারের পক্ষ থেকেও নেপালে আটকে থাকা পর্যটকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সমস্ত রকম যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে।