ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে মোহন ভাগবতের সভা! মার্কিন মুলুকে তীব্র রাজনৈতিক বিরোধিতার মুখে আরএসএস

নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের আসন্ন অনুষ্ঠান ঘিরে মার্কিন মুলুকে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। নিউইয়র্কের মেয়রের কড়া সমালোচনা এবং একাধিক নাগরিক সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির বিরোধিত্তা করা হলেও, সংঘের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই আয়োজনটি সম্পূর্ণ উন্মুক্ত আলোচনার মনোভাব নিয়েই করা হয়েছে।
আরএসএস-এর শতবর্ষপূর্তি উপলক্ষে বিশ্বব্যাপী জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ আগস্ট আমেরিকার মাটিতে প্রায় ৫০০০ মানুষের এক সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে মোহন ভাগবতের। তবে তাঁর এই সফর ও অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আপত্তি তুলেছে ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ এবং ‘ইন্টারফেইথ সেন্টার অফ নিউ ইয়র্ক’-এর মতো বেশ কয়েকটি সংগঠন। এমনকি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও এই অনুষ্ঠানের তীব্র সমালোচনা করে জানান যে তিনি এই আয়োজনকে সমর্থন করেন না। যদিও তিনি স্বীকার করেছেন যে এই ব্যক্তিগত অনুষ্ঠানটি বাতিল করার মতো কোনো আইনি এখতিয়ার তাঁর নেই।
মেয়রের এই আপত্তির পরেই আসরে নামে আরএসএস। সংঘের পক্ষ থেকে প্রবীণ আধিকারিক সুনীল আম্বেকর এক বিবৃতিতে জানান, ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ইনফোসিস থিয়েটারে আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ হলো বিভিন্ন ধর্মের মানুষের এক মিলনমেলা। সেখানে মোহন ভাগবত বিচিত্র পটভূমি ও সংস্কৃতির মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। আম্বেকর আরও স্পষ্ট করে জানান, সংঘের দৃষ্টিভঙ্গি ও দর্শন সম্পর্কে জানতে আগ্রহী যে কাউকেই এই উন্মুক্ত আলোচনা সভায় স্বাগত জানানো হচ্ছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সর্বজনীন মানসিকতার ওপর ভিত্তি করেই এই অনুষ্ঠানের রূপরেখা তৈরি করা হয়েছে।
অন্যদিকে, এই পুরো বিতর্কে নিউইয়র্ক মেয়রের ভূমিকার সমালোচনা করে মুখ খুলেছেন মার্কিন গায়িকা মেরি মিলবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেছেন, সমাজতান্ত্রিক মতাদর্শের উগ্রপন্থীরা মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরোধিতার কারণেই মোহন ভাগবতের এই অনুষ্ঠানের বিরোধিতা করছেন। সব মিলিয়ে, প্রবাসী ভারতীয়দের এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে এখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।