২ হাজার ফুট চওড়া হিমবাহ ভেঙে তছনছ নেপাল! নিখোঁজ অন্তত ৩০০ ভারতীয় পর্যটক

হিমালয়ের বুকে প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ দেখল বিশ্ব। নীল আকাশ আর রোমাঞ্চকর পরিবেশের মাঝেই হঠাৎ ঘটে গেল বিপর্যয়। দুই হাজার ফুট চওড়া একটি বিশাল হিমবাহ ভেঙে পড়ার জেরে সৃষ্ট জলের তোড়ে মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেছে নেপালের একাধিক শহর। এই আকস্মিক বিপর্যয়ে নিখোঁজ হয়েছেন প্রায় তিনশ জন ভারতীয় পর্যটক।
নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ভয়াবহ দুর্ঘটনায় মোট নিখোঁজের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে যেমন স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তেমনই রয়েছেন পাঁচশ জনের বেশি বিদেশি পর্যটক, যাদের সঙ্গে এখনও পর্যন্ত কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নেপাল সরকার বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উঁচুতে সামান্য ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই কম্পনের পরেই ঘটে আসল বিপত্তি। প্রায় দুই হাজার ফুট চওড়া এবং বিশাল আকারের একটি হিমবাহের টুকরো আলগা হয়ে সোজা চার হাজার ফুট নিচে আছড়ে পড়ে। বরফ, জল, কাদা এবং প্রকাণ্ড সব বোল্ডার মিলে মুহূর্তের মধ্যে সেটি একটি ভয়ংকর জলবোমার রূপ নেয়। পাহাড়ি ঢাল বেয়ে সেই ধ্বংসাত্মক স্রোত প্রবল বেগে নিচে নেমে এসে নিমেষে ভাসিয়ে নিয়ে যায় জনবসতি।
দুর্ঘটনার খবর পেয়েই ত্রাণের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। নেপাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের পাঠানো ত্রাণ সামগ্রী ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। পাহাড়ি উপত্যকার দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধারকর্মীদের কাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তবে নিখোঁজ ভারতীয়দের পরিবারগুলোর উৎকণ্ঠা দিন দিন বাড়ছে।