জি বাংলার মহালয়ায় বিষ্ণুর সাজ নিয়ে ট্রোল! দাড়িওয়ালা মহাদেবকে দেখে কী বলছেন দর্শকরা?

প্রতি বছর মহালয়া মানেই টেলিভিশন জগতের এক বিরাট লড়াই এবং দর্শকদের মনে চরম উন্মাদনা। রেডিওর পাশাপাশি টিভির পর্দায় ‘মহিষাসুরমর্দিনী’ দেখার জন্য গোটা বছর অপেক্ষা করে থাকেন দর্শকরা। আর এই বিশেষ দিনে চমক দিতে সবসময়ই এক ধাপ এগিয়ে থাকে জি বাংলা (Zee Bangla)। এবছরও তাঁদের আসন্ন মহালয়া অনুষ্ঠান ‘অশুভনাশিনী ত্রিনয়নী’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুঙ্গে জল্পনা শুরু হয়েছে।
ত্রিদেবের লুকে কারা থাকছেন?
প্রতিবারের মতো এবারও মহালয়ার অনুষ্ঠানে একাধিক চমক সাজিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব—এই ত্রিদেবের ফার্স্ট লুক। আর তা সামনে আসতেই শুরু হয়ে গেছে জোর চর্চা।
প্রথমবার বিষ্ণুর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি রায়। পরনে সোনার অলঙ্কার, মাথায় মুকুট এবং হাতে পদ্মফুল নিয়ে তাঁকে দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় একাংশ দর্শকের মতে, বিষ্ণুর রূপের সঙ্গে ঠিক যেন মানাচ্ছেন না তিনি।
অন্যদিকে, মহাদেবের অবতারে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা রুবেল দাস। পরনে বাঘছাল, গলায় রুদ্রাক্ষের মালা, চ চুলে জটা এবং গলায় সাপ জড়িয়ে একদম অন্য মেজাজে ধরা দিয়েছেন তিনি। তবে সবথেকে বেশি নজর কেড়েছে রুবেলের মুখের ঘন দাড়ি, যা মহালয়ার ইতিহাসে সম্ভবত এই প্রথমবার দেখা গেল। এই নতুন লুক নিয়ে নেটদুনিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে আলোচনা।
পার্বতী ও দুর্গার ভূমিকায় কারা?
শোনা যাচ্ছে, এই মহালয়ায় শিবের পাশেই দেবী পার্বতীর ভূমিকায় দেখা যাবে বাস্তব জীবনের তাঁর সহধর্মিণী তথা জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। পাশাপাশি, এবছরের মহালয়ায় মূল দেবী দুর্গার রূপের জন্য চর্চায় রয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। অন্যদিকে, মহিষাসুরের ভূমিকায় অভিনয় করবেন নাইজেল আকারা। এছাড়া চ্যানেলের বিভিন্ন মেগার জনপ্রিয় মুখদেরও নানা দেবদেবীর চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। সব মিলিয়ে পুজো শুরুর আগেই ছোটপর্দার এই মহাযজ্ঞ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন বাঙালি দর্শক।