রাখির আগেই রক্তে ভাসল ঘর! উৎসবের ঠিক মুখে দুই দিদিকে পরপর গুলি করে খুন করল ভাই

রাখির আনন্দ উদযাপনের প্রস্তুতি যখন চারদিকে তুঙ্গে, ঠিক তখনই এক চরম নৃশংস ও মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ডের হরিদ্বার। উৎসবের প্রাক্কালে নিজের দুই দিদিকে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ভয়াবহ হামলায় গুরুতর জহম হয়েছেন এক ভগ্নপতিও। এই লোমহর্ষক ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হরিদ্বারের রুরকির গাংনাহার এলাকায়। অভিযুক্ত যুবকের নাম বিবেক কুমার। আগামী কয়েক দিন পরেই ভাই-বোনের পবিত্র উৎসব রাখি বন্ধন। কিন্তু ঠিক তার দু’দিন আগেই বিবেক কেন এমন রক্তক্ষয়ী পথ বেছে নিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রথমে আজাদনগর এলাকায় নিজের বড় দিদি পুষ্পা দেবীর (৪৮)-র বাড়িতে যায় বিবেক। সেখানে গিয়ে আচমকাই দিদির ওপর হামলা চালায় সে। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।

এরপর সেখান থেকে পালিয়ে গণেশপুরে নিজের মেজো দিদি শকুন্তলা দেবীর (৫০)-র বাড়িতে পৌঁছয় বিবেক। সেখানেও একই কায়দায় দিদি এবং তাঁর স্বামীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সে। এই হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান শকুন্তলা দেবী। তবে গুরুতর জখম অবস্থায় তাঁর স্বামী তথা বিবেকের এক ভগ্নপতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় দুই থানার পুলিশ এবং হরিদ্বারের পুলিশ সুপার সহ শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। জোড়া খুন করে অভিযুক্ত বিবেক ইতিমধ্যেই পালিয়ে গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

তবে ঠিক কী কারণে ভাই নিজের দুই দিদির ওপর এমন বর্বরোচিত হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ, নাকি এর নেপথ্য অন্য কোনো ব্যক্তিগত ক্ষোভ রয়েছে, তা খতিয়ে দেখতে পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উৎসবের আনন্দ ম্লান করে দেওয়া এই জোড়া খুনের ঘটনায় অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *