চিনি কিনতেই হবে না, রান্নায় মিষ্টি দিতে এই ৮টি জিনিস ব্যবহার করতে পারেন?

উৎসবের মরশুম মানেই মিষ্টিমুখ, আনন্দ আর হরেকরকম পদের সমাহার। কিন্তু এই আনন্দের মাঝেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চিনির লাগামছাড়া দাম। খুচরা বাজারে এক কেজি চিনির দাম ইতিমধ্যেই ৬৫ টাকা কিংবা তার থেকেও বেশি ছুঁয়েছে। সকালের এক কাপ চা হোক কিংবা সন্ধ্যার কফি, বাড়িতে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিভিন্ন উৎসবের মিষ্টি বা চাটনি তৈরি—চিনির ব্যবহার ছাড়া যেন হেঁশেল অচল। এর পাশাপাশি চিকিৎসক ও পুষ্টিবিদরাও বারবার সতর্ক করে জানিয়েছেন যে অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই ডায়েট থেকে চিনি বাদ দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে প্রশ্ন উঠছে, চিনির এই চড়া দাম এবং স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে মিষ্টির স্বাদ কীভাবে বজায় রাখা সম্ভব? বাজারে এখন এমন বেশ কিছু স্বাস্থ্যকর বিকল্প উপলব্ধ রয়েছে, যা চিনির পরিবর্তে অনায়াসে ব্যবহার করা যেতে পারে।

চিনির সবচেয়ে জনপ্রিয় এবং উপযোগী বিকল্পগুলির মধ্যে অন্যতম হলো ব্রাউন সুগার। সাধারণ সাদা চিনির তুলনায় এর মিষ্টির ভাব সামান্য কম হলেও রান্নার স্বাদে তেমন কোনো পরিবর্তন আসে না। তবে এটি ব্যবহার করলে খাবারের রঙ সামান্য গাঢ় হতে পারে। অন্যদিকে, আখের রস জ্বাল দিয়ে তৈরি প্রসেসড না করা গুড় চিনির চেয়ে অনেক বেশি উপকারী এবং স্বাস্থ্যকর। ডায়াবেটিস না থাকলে বাঙালি রান্নার চাটনি বা মিষ্টিতে গুড়ের ব্যবহার দারুণ বিকল্প হতে পারে। পাশাপাশি, খাঁটি মধু ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো খনিজের এক দুর্দান্ত উৎস, যা পানীয় ও রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি পুষ্টিও জোগায়।

স্বাস্থ্য সচেতন মানুষ এবং সুগার রোগীদের জন্য বাজারে এখন জনপ্রিয় হয়ে উঠেছে স্টিভিয়া। উদ্ভিদজাত এই উপাদানটিতে ক্যালোরি প্রায় শূন্য এবং এটি রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। এর পাশাপাশি ফল ও সবজির প্রাকৃতিক মিষ্টত্ব থেকে তৈরি এরিথ্রিনল ক্ষুদ্রান্ত্রে সহজে শোষিত হওয়ায় গ্যাস বা অম্বলের সমস্যা তৈরি করে না। নারকেল গাছের রস থেকে তৈরি কোকোনাট সুগারও ক্যারামেল বা গুড়ের মতো স্বাদের জন্য কেক ও কুকিজের মতো খাবারে দারুণ মানানসই। শুকনো খেজুরের গুঁড়ো থেকে তৈরি ডেট সুগার স্মুদি বা ওটসে ব্যবহারের জন্য আদর্শ। এছাড়াও, অত্যন্ত কম গ্লাইসেমিক সূচকযুক্ত মঙ্ক ফ্রুট সুইটনার বর্তমানে ডায়াবেটিক রোগীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর বিকল্প হিসেবে দ্রুত জনপ্রিয়তা লাভ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *