ক্লাসরুমের ভিতর সাপ! টালিরগঞ্জের নামী স্কুলের ছাত্রকে বিষাক্ত সাপে ছোবল মারার ঘটনায় শোরগোল

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে এবার তীব্র প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। কলকাতার একটি নামী বেসরকারি স্কুলের পর এবার খাস কলকাতার আরও এক নামী শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন বিষাক্ত সাপের ছোবলে গুরুতর জখম হল প্রথম শ্রেণির এক পড়ুয়া। বর্তমানে ওই নাবালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার ও স্কুল সূত্রে জানা গিয়েছে, আহত ওই ছাত্রের নাম দৃপ্ত পাল। সে টালিরগঞ্জের মিত্র ইন্সস্টিটিউশনের প্রথম শ্রেণির ছাত্র। আজ, সোমবার সকালে স্কুল চলাকালীন যখন ক্লাসরুমের ভেতরে শিশুরা নিজেদের মধ্যে মারামারি বা হইচই করছিল, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ একটি সাপ এসে ওই পড়ুয়ার বাঁ হাতে সজোরে ছোবল মারে। ক্লাসরুমের চার দেওয়ালের মধ্যে অতর্কিত এই সাপ ঢুকে পড়ার ঘটনায় মুহূর্তের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে।
ঘটনার পরই তড়িঘড়ি ওই নাবালককে উদ্ধার করে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে প্রশ্ন উঠছে, প্রতিদিন শত শত কচিকাঁচাদের ভিড়ে ভরা একটি ক্লাসরুমের ভেতরে কীভাবে সাপ ঢুসল? বিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। এই মর্মান্তিক ঘটনার পর স্কুল চত্বরে কঠোর নজরদারি ও অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সচেতন নাগরিক মহল।