‘পা ভাঙতে বলেছিলেন, তাই বলে সত্যিই ভেঙে ফেলব!’ পরিচালককে নিয়ে কী এমন রসিকতা করলেন কার্তিক?

পরিচালক কবীর খানের নতুন স্পোর্টস ড্রামার ছবির একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই বিপত্তি ঘটেছিল। শুটিং সেটেই গুরুতর চোট পান অভিনেতা কার্তিক আরিয়ান। এরপর মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি বাড়িতে থেকেই বিশ্রামে রয়েছেন। অবশেষে অস্ত্রোপচারের পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুস্থ হয়ে ওঠার কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেতা, যা মুহূর্তের মধ্যে অনুরাগীদের নজর কেড়েছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই পোস্টটিতে হাসপাতালের বেশ কিছু মুহূর্তের পাশাপাশি সিনেমার জন্য তাঁর কঠোর ট্রেনিংয়ের ঝলকও রয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে কার্তিকের আহত পায়ে নি-ব্রেস পরা রয়েছে। অন্য একটি সাদাকালো ছবিতে তাঁকে হাসপাতালের বিছানায় বসে থাকতে দেখা যায় এবং তাঁর বাঁ হাতে আইভি ক্যানুলা গোঁজা রয়েছে। তবে এত কষ্টের মধ্যেও নিজের রসিকতা বজায় রেখেছেন অভিনেতা। ছবির ক্যাপশনে পরিচালক কবীর খানকে ট্যাগ করে তিনি মজার ছলে লিখেছেন, “কবীর স্যার বলেছিলেন— পা ভাঙো (Break a leg)।”
কার্তিকের এই রসবোধ ভরা পোস্টে পালটা কমেন্ট করতে ভোলেননি পরিচালক কবীর খানও। তিনিও মজা করে উত্তর দিয়ে লিখেছেন, “হাহাহা ভাই, সব কথা এত সিরিয়াসলি নিস না।”
এর আগে অভিনেতার সরকারি মুখপাত্র তাঁর চোট পাওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছিলেন যে, অস্ত্রোপচার সফল হওয়ার পর কার্তিক এখন বাড়িতে ফিরে বিশ্রাম নিচ্ছেন এবং খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে আবার শুটিং সেটে ফিরবেন। প্রসঙ্গত, এর আগে কবীর খান পরিচালিত বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদকজয়ী মুরলীকান্ত পেটকারের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান অর্জন করেছিলেন কার্তিক। বর্তমানে তাঁর এই নতুন চোট পাওয়ার খবরে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা, তবে তাঁর হাসিমুখের ছবি দেখে কিছুটা স্বস্তিতেও রয়েছেন তাঁরা।