নবজাতকদের জন্য সোনার আংটি! ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই সরকারি প্রকল্পের সুবিধা কারা পাবেন?

তামিলনাড়ু সরকার নবজাতক শিশুদের জন্য নিয়ে এসেছে এক অভিনব উদ্যোগ। সরকারি স্বাস্থ্য পরিষেবায় প্রসবকে আরও বেশি উৎসাহিত করতে এবং মাতৃত্বের আনন্দকে উদযাপন করতে শুরু হতে চলেছে বিশেষ “মাতৃকুলের মামার সোনার আংটি প্রকল্প” বা “থাইমামান গোল্ড রিং স্কিম”। আগামী ১৫ সেপ্টেম্বর— অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী থেকেই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প শুরু হওয়ার কথা রয়েছে।
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
সরকারের ঘোষণা অনুযায়ী, যে সমস্ত শিশু সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করবে, তারাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। বিধানসভা নির্বাচনের আগে এপ্রিলে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। চলতি বছরের ২২ জুন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুরা এই প্রকল্পের আওতায় সোনার আংটি পাওয়ার জন্য অন্তর্ভুক্ত হয়েছে।
কতগুলি আংটি কেনা হচ্ছে এবং কীভাবে বন্টন?
এই প্রকল্পের জন্য মোট ৪,৪১,৬৬৭টি সোনার আংটি কেনার নির্দেশ দেওয়া হয়েছে, যার প্রতিটির ওজন হবে ১ গ্রাম। স্বচ্ছতা বজায় রাখতে এবং দ্রুত কাজ সম্পন্ন করতে তামিলনাড়ু মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন জয় আলুক্কাস এবং কল্যাণ জুয়েলার্স— এই দুটি খ্যাতিসম্পন্ন সংস্থাকে ৭০:৩০ অনুপাতে সোনার আংটি সরবরাহের বরাত দিয়েছে। প্রসেসিং চার্জ, বিমা, পরিবহণ এবং বিআইএস (BIS) হলমার্কিংয়ের সমস্ত খরচ বাদ দিয়েই এই টেন্ডার চূড়ান্ত করা হয়েছে। জুয়েলার্সদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে সুবিধাভোগী শিশুদের জন্য এই আংটিগুলি সরবরাহ করতে। সরকারের এই জনকল্যাণমুখী পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।