মাত্র ৩ মিনিটে সিঁড়ি ভাঙলেই কমবে ১৩ ধরনের ক্যানসারের ঝুঁকি! অবাক করা তথ্য জানাল নতুন গবেষণা

আধুনিক জীবনযাত্রার ব্যস্ততা এবং কাজের ধরনই এমন যে, আমাদের সময়ের একটা বড় অংশ কেটে যায় এক জায়গায় বসে। তা সে ডেস্ক-ভিত্তিক অফিস চাকরি হোক, সারাক্ষণ ল্যাপটপ বা ফোন ব্যবহারের বদভ্যাস হোক, কিংবা নিছক শারীরিক নিষ্ক্রিয়তা। তবে চিকিৎসাবিজ্ঞান ও সাম্প্রতিক গবেষণা বলছে, দীর্ঘক্ষণ বসে থাকার এই অভ্যাস আমাদের শরীরে মারণ রোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্বনামধন্য গবেষণা পত্রিকা ‘বিএমসি মেডিসিন’-এ প্রকাশিত একটি নতুন সমীক্ষায় অত্যন্ত চাঞ্চল্যকর ও আশাব্যাঞ্জক তথ্য সামনে এসেছে। গবেষকদের মতে, প্রতিদিন মাত্র তিন মিনিট ধরে সিঁড়ি দিয়ে ওঠানামা করা, ডেস্কে একটানা না বসে মাঝে মাঝে ৩০ মিনিট দাঁড়িয়ে থাকা কিংবা সামান্য জগিংয়ের মতো ছোটখাটো অভ্যাসের মাধ্যমেই অন্তত ১৩ ধরনের ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব। দৈনন্দিন রুটিনে সামান্য এই শারীরিক পরিশ্রম বা ব্যায়াম নিয়মিতভাবে অন্তর্ভুক্ত করলে ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
প্রায় ৬০ হাজার মানুষের জীবনযাত্রার তথ্য এবং দৈনন্দিন শারীরিক কার্যকলাপ গভীরভাবে বিশ্লেষণ করে এই গবেষণাটি চালানো হয়েছে। অংশগ্রহণকারীদের হাঁটাচলা, দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে দ্রুত হাঁটা বা দৌড়ানোর মতো নানা কর্মকাণ্ডের পরিসংখ্যান খতিয়ে দেখেছেন গবেষকরা। স্তন ক্যানসার, ফুসফুস ক্যানসার এবং কোলোরেক্টাল ক্যানসারের মতো প্রাণঘাতী রোগগুলি প্রতিরোধে কোন ধরনের শারীরিক নড়াচড়া সবচেয়ে বেশি কার্যকর, তা খুঁজে বের করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
গবেষণায় আরও দেখা গিয়েছে, কোনো ব্যক্তি যদি মাত্র ১৫ মিনিটের জন্যও সামান্য হাঁটাচলা বা নড়াচড়ায় অভ্যস্ত হন, তবে তাতে ক্যানসারের ঝুঁকি যতটা কমে, তা টানা ৩০ মিনিট ডেস্কে দাঁড়িয়ে থাকার সুফলের সঙ্গেই তুলনীয়। এর পাশাপাশি, সিঁড়ি দিয়ে ওঠানামা করা বা উচ্চ-তীব্রতার ব্যায়াম এই ধরনের মারণ রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তাই দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করার অভ্যাস ভেঙে শরীরকে সচল রাখাই সুস্থ জীবনের মূল চাবিকাঠি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।