মিড-ডে মিল খেতেই বিকট কাণ্ড! স্কুল চত্বরে অসুস্থ ৩০ পড়ুয়া, আইসিইউ-তে ভরতি করতে হলো ৪ জনকে

স্কুলের মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার এক মর্মান্তিক ঘটনা সামনে এল। দুপুরের খাবার খাওয়ার পরই ৩০ জনেরও বেশি স্কুলছাত্রছাত্রী গুরুতর অসুস্থ বোধ করতে শুরু করে। বমি, পেট ব্যথা এবং জ্বর নিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ইন্দোর জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার সিনহানা গ্রামের একটি সরকারি স্কুলে। শনিবার দুপুরের খাবারের মেনুতে ছাত্রছাত্রীদের জন্য ‘কড়ি-চাওয়াল’ অর্থাৎ দই-বেসনের ঝোল ও ভাত পরিবেশন করা হয়েছিল। অভিযোগ, সেই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পড়ুয়ারা একে একে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তীব্র পেটে ব্যথা, মাথা ঘোরা, বমি এবং অনেকেরই জ্বর শুরু হয়।

পরিস্থিতি বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষের তরফে দ্রুত স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের খবর দেওয়া হয়। অসুস্থদের মধ্যে মোট ১৯ জন পড়ুয়াকে দ্রুত ইন্দোরের অরবিন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই বিপদমুক্ত হলেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চারজন শিশুকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকিদেরও দীর্ঘক্ষণ চিকিৎসকদের নজরে রাখা হয়।

এদিকে খবর পেয়েই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য দফতরের একটি বিশেষ প্রতিনিধি দল ইতিমধ্যে ওই স্কুলে পৌঁছেছে। মিড-ডে মিলের রান্না করা খাবারের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে (ল্যাবরেটরি) পাঠানো হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার ফলেই এই দুর্ঘটনা কি না, তা রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে। তবে স্কুল স্তরে শিশুদের খাবার সরবরাহ নিয়ে এই ধরনের গাফিলতিতে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *