যশের অনুষ্ঠানে চরম বিপত্তি! ভিড়ের মাঝে আচমকা ভেঙে পড়ল সাউন্ড বক্স, আহত বহু পড়ুয়া

দক্ষিণী তারকা যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’-এর প্রি-রিলিজ অনুষ্ঠান ঘিরে হায়দরাবাদে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে হাজার হাজার অনুরাগী ও পড়ুয়াদের সেই আনন্দ মুহূর্তের মধ্যেই বদলে গেল আতঙ্কে। অনুষ্ঠান চলাকালীন আচমকাই ভিড়ের ওপর ভেঙে পড়ল বিশালাকার সাউন্ড বক্সের একটি ভারী কাঠামো। শনিবার রাতে হায়দরাবাদের মাল্লা রেড্ডি বিশ্ববিদ্যায়ালয় চত্বরে ঘটা এই দুর্ঘটনায় অন্তত দু’জন পড়ুয়া আহত হয়েছেন এবং এক তরুণী সংজ্ঞাহীন হয়ে পড়েন।
ঘটনাস্থল থেকে আসা একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, যশকে একঝলক দেখতে এবং তাঁর বক্তব্য শুনতে বিশ্ববিদ্যালয় চত্বরে তিল ধারণের জায়গা ছিল না। ভিড় এতটাই অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যে, বেশ কয়েকজন উৎসাহী পড়ুয়া সাউন্ড বক্স ধরে রাখা উঁচু কাঠামোর ওপর উঠে পড়েন। অতিরিক্ত ভার সামলাতে না পেরেই আচমকা পুরো সেটআপটি নিচে থাকা দর্শকদের দিকে হেলে পড়ে ও ভেঙে যায়।
কাঠামোটি ভেঙে পড়তেই চারদিকে তীব্র হইচই এবং হুড়োহুড়ি শুরু হয়ে যায়। জখম দু’জন পড়ুয়াকে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই আকস্মিক দুর্ঘটনা নজর এড়ায়নি মঞ্চে থাকা অভিনেতারও। চোখেমুখে উদ্বেগের ছাপ নিয়ে সঙ্গে সঙ্গেই নিজের বক্তব্য থামিয়ে দেন যশ।
মঞ্চ থেকেই তিনি ভিড়ের দিকে তাকিয়ে সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানান এবং আয়োজকদের কাছে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে বলেন। শুধু তাই নয়, আরও কিছু পড়ুয়াকে বিপজ্জনকভাবে উঁচু কাঠামোয় উঠে থাকতে দেখে তাঁদের অবিলম্বে নেমে আসার অনুরোধ জানান অভিনেতা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এবং সবাই নিরাপদ রয়েছেন বলে আয়োজকরা নিশ্চিত করার পর তিনি ফের বক্তব্য শুরু করেন।
উল্লেখ্য, গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে আসতে চলেছে। ছবিতে যশের পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আডবাণী, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। ছবিটির ট্রেলার ও গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে। সেন্সর বোর্ড থেকে ‘A’ সার্টিফিকেট পাওয়া এই ছবিকে ঘিরে ভক্তদের উৎসাহ তুঙ্গে থাকলেও, রবিবারের এই অনভিপ্রেত ঘটনা কিছুটা হলেও বিষাদের ছায়া ফেলেছে অনুষ্ঠান চত্বরে।