মাটন কষা বা ঝোল ছেড়ে আজই ট্রাই করুন ধাবা স্টাইল মাটন কারি, রইল আঙুল চেটে খাওয়ার সহজ রেসিপি

স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই খাসির মাংসের নাম শুনলেই দূরে সরে থাকেন। উৎসবের দিন কিংবা মাসে বড়জোড় এক-দু’বার বাড়িতে মাটন আসে। আর সেই বিশেষ দিনে মাটন যদি একটু জমিয়ে না রাঁধা হয়, তবে খাওয়ার আনন্দটাই মাটি হয়ে যায়। আপনি যদি মাটনের সেই পুরোনো একঘেয়ে কষা বা পাতলা ঝোল খেয়ে ক্লান্ত হয়ে পড়ে থাকেন, তবে উইকেন্ডের রান্নায় এবার আনতে পারেন দারুণ এক পরিবর্তন।
ধাবার খাবার পছন্দ করেন না এমন মানুষ পাওয়া মুশকিল। রেস্তোরাঁ বা ধাবার সেই বিশেষ রান্নার স্বাদ বরাবরই আলাদা হয় এবং তার সুবাস বহুক্ষণ মুখে লেগেই থাকে। কিন্তু জানেন কি, সামান্য কিছু কায়দা জানলে ঠিক তেমনই লোভনীয় ধাবা স্টাইল মাটন কারি আপনি অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন আপনার নিজের রান্নাঘরে? রইল তার সহজ ও সুস্বাদু রেসিপি।
ধাবা স্টাইল মাটন কারি তৈরির প্রয়োজনীয় উপকরণ:
প্রধান উপকরণ: মাটন ১ কেজি, পেঁয়াজ কুচি ২টি, টমেটো কুচি ২টি, রসুনের কোয়া ৩টি, টক দই ৩ চামচ।
মশপাতি: আদা-রসুন বাটা ১ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ, লাল লঙ্কা গুঁড়ো ১ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, গরম মশলা গুঁড়ো ১ চামচ, গোটা জিরে ১ চামচ, শুকনো লাল লঙ্কা ২টি।
সহজ প্রণালী:
প্রথমে মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই ও পরিমাণমতো নুন দিয়ে মাংসটি অন্তত ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন। এবার প্রেসার কুকারে ম্যারিনেট করা মাটন দিয়ে তার সঙ্গে তেল, হলুদ, লঙ্কা, জিরে, ধনে এবং গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। সামান্য আধ কাপ জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
অন্য একটি কড়াইতে তেল গরম করে তাতে জিরে, রসুন কুচি, শুকনো লঙ্কা এবং কারিপাতা ফোরন দিন। এর পর এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন। পেঁয়াজ বাদামি হয়ে এলে তাতে আদা-রসুন বাটা, ধনে ও টমেটো কুচি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। এবার সেদ্ধ করা মাংসের মধ্যে এই কষানো মশলা মিশিয়ে দিন। প্যানের ঢাকনা বন্ধ করে কম আঁচে আরও ১০ থেকে ১৫ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ধাবা স্টাইল মাটন কারি। ছুটির দিনে গরম ভাত বা রুটির সঙ্গে জমিয়ে উপভোগ করুন এই পদটি।