গণেশ পুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল বিষাদে! বিশাল মূর্তি ভেঙে মর্মান্তিক মৃত্যু দুই ভক্তের

মুম্বইয়ের ভূলেশ্বর এলাকায় গণেশ মূর্তি আনার বর্ণাঢ্য শোভাযাত্রায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বিশাল আকারের ‘ভূলেশ্বরাচা রাজা’ গণেশ মূর্তি আচমকা ভেঙে পড়ায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় পাঁচ বছরের এক নাবালিকা সহ মোট পাঁচজন আহত হয়েছেন। মূর্তি ভেঙে পড়ার এই আকস্মিক ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-এর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত প্রায় ৯টা ৫১ মিনিট নাগাদ ভূলেশ্বরের জয় আম্বে চকের কাবুতরখানার কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় ‘ভূলেশ্বরাচা রাজা’ গণেশ উৎসবের অঙ্গ হিসেবে মূর্তিটি মণ্ডপে নিয়ে আসার অনুষ্ঠান চলছিল। এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী থাকতে ওই এলাকায় বহু ভক্ত ও দর্শনার্থীর ভিড় জমেছিল। ঠিক সেই সময়ই হঠাৎ করে বিশালাকার মূর্তিটি ভেঙে রাস্তার ওপর আছড়ে পড়ে। মূর্তির নিচে চাপা পড়ে গুরুতর জখম হন বেশ কয়েকজন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে প্রশাসন। সিপির কন্ট্রোল রুম থেকে দ্রুত নির্দেশ যায় বিভিন্ন দপ্তরে। উদ্ধারকাজে নেমে পড়ে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন, মুম্বই ফায়ার ব্রিগেড, ট্রাফিক পুলিশ এবং স্থানীয় থানার কর্মীরা। দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের পরিচয় ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রশাসন। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সঙ্কেত নেভশে (৩৩) এবং ব্রিজেশ হেমন্ত জোশি (৩০)। অন্যদিকে, আহতদের মধ্যে পাঁচ ও সাত বছরের দুই নাবালিকাসহ বেশ কয়েকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। উৎসবের আবহে এই ধরনের অপ্রত্যাশিত দুর্ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।